মাথায় ‘বড়’ আঘাত ও রক্তক্ষরণে এএসআই সদরুলের মৃত্যু, থানায় হত্যা মামলা

নিহত এএসআই সদরুল আলম
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পদ্মা নদীতে নিখোঁজের পর উদ্ধার হওয়া পুলিশ কর্মকর্তা সদরুল আলমের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। আজ বুধবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়।

ময়নাতদন্ত করা বোর্ডের এক চিকিৎসক আজ বেলা পৌনে ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ‘সদরুল আলমের মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে। যেটা দেখে মনে হয়েছে “বড়” আঘাত। এ কারণে প্রচুর রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।’

গত সোমবার ভোরে কুমারখালীর বেড় কালোয়া এলাকার দুর্বৃত্তদের হামলায় নৌকা থেকে পদ্মা নদীতে পড়ে পুলিশের দুই কর্মকর্তা নিখোঁজ হন। তাঁরা হলেন কুমারখালী থানার এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন। গতকাল মঙ্গলবার বেলা ২টা ৫৫ মিনিটে সদরুল আলমের লাশ ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর তাঁর লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়। আজ সকাল সাতটার দিকে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ এলাকায় পদ্মা নদী থেকে মুকুল হোসেনের লাশ উদ্ধার করেন নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

এদিকে কর্তব্যরত অবস্থায় পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যার অভিযোগে কুমারখালী থানায় মামলা হয়েছে। গতকাল রাত পৌনে নয়টায় কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০–২৫ জনকে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘থানায় হত্যা মামলা রুজু হয়েছে। কয়েকজন আসামি গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁদের নাম ও সংখ্যা সন্ধ্যায় প্রকাশ করা হবে।’

আরও পড়ুন

আজ বুধবার সকাল ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নিহত সদরুল আলমের লাশ চিকিৎসকদের একটি বোর্ড ময়নাতদন্ত করেন। পরে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়। সদরুল ইসলামের লাশ কুষ্টিয়া পুলিশ লাইনসে নেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপারেশন ও মিডিয়া) পলাশ কান্তি নাথ প্রথম আলোকে বলেন, কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তা সদরুল আলমের মৃত্যু হয়েছে। যথাযথ সম্মান জানিয়ে লাশ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। দাফনের আগে পাবনা জেলা পুলিশ থেকেও সম্মান জানানো হবে।

পলাশ কান্তি নাথ আরও বলেন, নিহত পুলিশ কর্মকর্তা মুকুল হোসেনের লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে। সেখানে তাঁর ময়নাতদন্ত করা হবে।

আরও পড়ুন