মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের শ্রমবাজার সচল করতে সরকার কাজ করছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীফাইল ছবি

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের শ্রমবাজার আবার সচল করতে সরকার কাজ করছে। দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘শ্রমবাজারে শুধু মালয়েশিয়া কেন, আমরা সব দিকে আলোচনা করেছি। যাঁরা ফিরে এসেছেন, তাঁদের ভিসা এক্সটেনশনের জন্য আলোচনা করছি। ভিসাসংক্রান্ত সমস্যা হলে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করে কূটনৈতিকভাবে আমরা ভিসার মেয়াদ বাড়ানোর কাজ করছি। প্রতিদিনই আমরা বিষয়গুলো নিয়ে কাজ করছি।’

মালয়েশিয়া সফর ও আলোচনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘জয়েন্ট ভেঞ্চার স্বাক্ষর করেছি, সেটি আমাদের ফেবারে আছে। অনুষ্ঠিত বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রাদার হিসেবে সম্বোধন করেছেন।’

এর আগে আইনশৃঙ্খলা কমিটির সভায় মন্ত্রী সিলেটের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে তাগিদ দেন। পাশাপাশি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের হয়রানি বন্ধে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে নির্দেশ দেন।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে বৈঠকে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিলেট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।