বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ বলেছেন, জ্বালানি তেল আমদানি, বিদ্যুৎ উৎপাদনে ব্যয় না করে, সারে কিংবা নিত্যপণ্যে ভর্তুকি না দিয়ে চরম আর্থিক সংকটের সময় ইভিএম পদ্ধতিতে নির্বাচন করার নামে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রজেক্ট নিয়েছে সরকার ও তার অনুগত নির্বাচন কমিশন।
বুধবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের চর গোরকপুর বাজারে বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ এসব কথা বলেন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ও ভোলায় বিএনপির দুই নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধুরাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
জোর করে নিজেদের অধীনে নির্বাচন করতে গেলে আওয়ামী লীগকে চরম পরিণতি ভোগ করতে হবে উল্লেখ করে এমরান সালেহ বলেন, ২০১৪ সালের সংসদ নির্বাচনে ১৫৪টি আসনে পছন্দের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছিল আওয়ামী লীগ। আগামী নির্বাচনেও ক্ষমতা জবরদখল করে রাখতে দলীয় প্রার্থীদের ইভিএমের মাধ্যমে কারচুপি করে বিজয়ী ঘোষণা করতে ১৫০টি আসনে সরকারের ইশারায় ইভিএমে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে সরকারের অনুগত নির্বাচন কমিশন। আওয়ামী লীগ জানে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তাদের শোচনীয় পরাজয় হবে। এ জন্য তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের গণদাবি না মেনে ইভিএমের মাধ্যমে কারচুপি করে ক্ষমতায় টিকে থাকতে নিত্যনতুন ষড়যন্ত্র করছে।
আওয়ামী লীগের সমালোচনা করে এমরান সালেহ বলেন, ক্ষমতায় টিকে থাকতে জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ একদিকে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে সহযোগিতার নামে হস্তক্ষেপ চেয়ে বিদেশিদের হাত-পা ধরছে, অন্যদিকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। এবার আর কোনো কিছুতেই কাজ হবে না। জনগণ এই সরকারের অধীনে নির্বাচন হতে দেবে না।
ওয়ার্ড বিএনপির নেতা শরাফ উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নীলু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবদুল মালেক, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন, ইউনিয়ন বিএনপির নেতা আলমাস উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। এর আগে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।