শরীয়তপুর
৫ বছরে ধান উৎপাদন কমেছে ১০ হাজার টন
ডিজেল ও বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় ধানের উৎপাদন ব্যয় বেড়েছে। লোকসানের মুখে অনেক কৃষক ধান উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন।
শরীয়তপুরে বোরো ধানের আবাদ প্রতি বছরই কমছে। আবাদ কমতে থাকায় ধানের উৎপাদনও কমছে। গত ৫ বছরে জেলায় আবাদকৃত জমি কমেছে ৪ হাজার ১৪০ হেক্টর। ধানের উৎপাদন কমেছে ১০ হাজার ২০৩ মেট্রিক টন। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিজেল ও বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় ধানের উৎপাদন ব্যয় বেড়েছে। আর কাঙ্ক্ষিত দামে ধান বিক্রি করতে না পারার কারণে লোকসানের মুখে অনেক কৃষক ধান উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন। বিষয়টি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও স্বীকার করেছে।
শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, শরীয়তপুর জেলায় ৮২ হাজার ৯৫০ হেক্টর জমিতে বিভিন্ন ফসলের আবাদ করা হয়। যার মধ্যে বছর পাঁচেক আগেও বোরো ধানের আবাদ করা হতো অন্তত ২৮ হাজার হেক্টর জমিতে। প্রতি বছরে গড়ে ১ লাখ ৭৩ হাজার মেট্রিক টন ধানের উৎপাদন হতো। গত কয়েক বছর ধরে বোরো ধানের আবাদ কমেছে।
২০১৮ সালে জেলায় বোরো ধান আবাদ করা হয়েছিল ২৮ হাজার ১৮০ হেক্টর জমিতে। ওই বছর ধানের উৎপাদন হয় ১ লাখ ৭৩ হাজার ২৪৩ মেট্রিক টন। ২০২২ সালে বোরো ধানের আবাদ করা হয় ২৪ হাজার ৪০ হেক্টর জমিতে। ধানের উৎপাদন হয়েছে ১ লাখ ৬৩ হাজার মেট্রিক টন। ৫ বছরে আবাদকৃত জমি কমেছে ৪ হাজার ১৪০ হেক্টর। আর ধানের উৎপাদন কমেছে ১০ হাজার ২০৩ মেট্রিক টন।
শরীয়তপুরের বিভিন্ন অঞ্চলে বোরো ধানের জমিতে ডিজেল ও বিদ্যুৎ চালিত যন্ত্র ব্যবহার করে সেচ দেওয়া হয়। গত ৫ বছরে কয়েক দফায় ডিজেল ও বিদ্যুতের দাম বেড়েছে। বিদ্যুতের দাম আরেক দফা বাড়িয়ে ১ ফেব্রুয়ারি নতুন দাম কার্যকর করা হয়েছে। শরীয়তপুর সদর উপজেলার চর সিংগাইরা এলাকার করিম সরদার ১৫ একর জমিতে বোরো ধান আবাদ (ইরিব্লক) করেছেন। ওই জমিতে সেচ দেওয়ার জন্য ডিজেলচালিত সেচযন্ত্র ব্যবহার করেন। বোরো ধানের মৌসুমে তাঁর খামারে সেচযন্ত্র চালাতে ৮ হাজার লিটার ডিজেল ব্যবহার করা হয়।
করিম সরদার প্রথম আলোকে বলেন, ‘গত পাঁচ বছরে কয়েক দফায় ডিজেলের দাম বেড়েছে ৪০-৪৫ শতাংশ। এখন হয়েছে আকাশচুম্বী। আমরা ধান উৎপাদনে হিমশিম খাচ্ছি। বাজারে ধানের কাঙ্ক্ষিত দাম পাচ্ছি না। যার কারণে অনেক কৃষক বোরো ধান আবাদের আগ্রহ হারিয়ে ফেলছেন।’
নড়িয়ার বিঝারি এলাকার কৃষক সিহাব উদ্দিনের পরিবারের রয়েছে ১০ একর ফসলি জমি। যার ৫ একরই নিচু। বছরে একবার বোরো ধান আবাদ করতেন। সেচখরচ, শ্রমিকের মজুরি ও সার-বীজে ব্যয় করার পর ধানের উৎপাদন খরচ তুলতে পারেন না। তাই বাধ্য হয়ে গত বছর ওই জমি মাছের খামারের জন্য ভাড়া দিয়ে দিয়েছেন। সিহাব উদ্দিন বলেন, ‘১০ বছর ধরে বোরো ধান উৎপাদন করে লোকসান গুনছিলাম। প্রতি কেজি ধানে গড়ে ৩ টাকা হতে ৪ টাকা লোকসান হচ্ছিল। পরিবারের বছরের খাওয়ার ধান উৎপাদনের জমি রেখে বাকি জমি মাছের খামারের জন্য ভাড়া দিয়েছি।’
সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, বোরোধান আবাদে অনেক পরিশ্রম হয়। ধান পাকার পর শ্রমিকের অভাবে তা বাড়িতেও আনতে পারেন না কৃষক—এমন ঘটনা বিগত কয়েক বছর ধরে ঘটছে। তা ছাড়া খরচের চেয়ে কম দামে বিক্রি করার ঘটনা তো আছেই। এ কারণে বোরোধানের চেয়ে অন্য ফসলের দিকে কৃষকের আগ্রহ বাড়ছে। দুই বছর যাবৎ শর্ষে, আলু ও গমের আবাদ বেড়েছে।
শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রবীআহ নুর আহমেদ প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ, ডিজেলসহ বিভিন্ন অনুষঙ্গের মূল্যবৃদ্ধির কারণে বোরো ধানের আবাদে আগ্রহ হারিয়েছেন কৃষক। তবে এ জমিতে অন্য ফসলের আবাদ করা হচ্ছে।