খুলনায় সেলুনে বসে ছিলেন তরুণ, টেনেহিঁচড়ে বাইরে এনে গুলি করে হত্যা
খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে লবণচরা থানার আশিবিঘা এলাকার একটি সেলুনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাকিব ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে রাকিব আশিবিঘা এলাকার একটি সেলুনে বসে ছিলেন। এ সময় হঠাৎ দুই ব্যক্তি সেলুনের ভেতর ঢুকে তাঁকে টেনে বাইরে রাস্তায় নিয়ে যান। এরপর খুব কাছ থেকে তাঁর মাথায় পরপর দুটি গুলি করা হয়। রাকিব মাটিতে লুটিয়ে পড়লে পরে হামলাকারীরা হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে স্থানীয় লোকজন রাকিবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তিনি জানান, নিহত রাকিবের বিরুদ্ধে মাদকসহ তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। হামলায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুহিন উজ জামান প্রথম আলোকে বলেন, মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি ও আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।