ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অপহরণ ও মুক্তিপণ আদায় করাই তাঁদের পেশা
ময়মনসিংহে কর্মরত প্রথম আলোর আঞ্চলিক ব্যবস্থাপক আবুল বাশারকে তুলে নিয়ে মারধর ও মুক্তিপণ আদায়ের ঘটনায় চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন এলাকায় চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শনিবার বেলা সাড়ে তিনটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশীদ। গত কয়েক বছরে ৫০টি বেশি অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটিয়েছে চক্রটি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অপহরণ ও মুক্তিপণ আদায় করাই তাঁদের পেশা বলে জানিয়েছে পুলিশ।
চক্রটির গ্রেপ্তার হওয়া সদস্যরা হলেন মো. শাহাদত হোসেন (৪৬) ও তাঁর ছোট ভাই আবদুস সালাম (৪৫), শাহাদতের সম্বন্ধীর ছেলে মো. শিখন আলী (২০) ও মো. আবু তাহের (৩৫)। শাহাদত হোসেন ও আবদুস সালামের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার খালমগা গ্রামে; শিখন আলীর বাড়ি শেরপুর সদরের বাখেরকান্দা গ্রামের এবং আবু তাহের মুক্তাগাছা উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা। তাঁদের মধ্যে শাহাতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, অপহরণের অভিযোগে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। আবু তাহেরের বিরুদ্ধে হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার ত্রিশাল, ভালুকা, শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে ওই চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপরাধে ব্যবহৃত তাঁদের কাছ থেকে একটি প্রাইভেট কার ও নগদ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় অপরাধের কাজে ব্যবহৃত পাঁচটি মুঠোফোন।
গ্রেপ্তার চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, চক্রটির মূল হোতা শাহাদত পেশায় প্রাইভেটকারচালক ছিলেন। প্রায় আট বছর আগে যুক্ত হন অপরাধ চক্রে। দ্রুত অর্থ উপার্জনের কৌশল হিসেবে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে প্রাইভেট কার দিয়ে লোকাল যাত্রী পরিবহণের নামে মানুষকে তুলে নিয়ে মারধর করে টাকা আদায় করাকে পেশায় পরিণত করে শাহাদত। এ চক্রের সদস্য অন্তত ১০ জন। শাহাদত গাজীপুর সদরের সালনা এলাকায় বসবাস করে এই তৎপরতা চালাচ্ছিলেন। বিভিন্ন সময়ে শাহাদত একই পদ্ধতিতে ৫০ টিরও বেশি অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটিয়েছেন। আট বছরের মধ্যে তিন দফায় প্রায় দুই বছর কারাভোগ করেন শাহাদত। সর্বশেষ কাশিমপুর কারাগারে মুক্তাগাছার আবু তাহেরের সঙ্গে পরিচয় হওয়ার পর জামিনে বেরিয়ে গত দুই মাস আবার মহাসড়কে সক্রিয় হয়ে ওঠেন তিনি। আবদুস সালাম ও শিখন আলী সহযোগিতা করতেন শাহাদতকে। মধ্যবয়সী ব্যক্তিদের টার্গেট করে তুলে নিতেন তাঁরা।
অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশীদ জানান, চক্রটি গাড়ির জন্য অপেক্ষমাণ ব্যক্তিকে কৌশলে প্রাইভেট কারে তুলে গন্তব্যে নিয়ে যাওয়ার কথা বলে মারধর করে টাকা ছিনিয়ে নিত; পরিবারের সদস্যদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিত। তাঁরা কথা বলার জন্য নিজেদের ফোন ব্যবহার করতেন না। অপহরণের শিকার ব্যক্তিকে দিয়ে পরিবারের কাছে ফোন করে টাকা আনাতেন। গ্রেপ্তার চারজনের ব্যক্তিগত বিকাশ নম্বরে গত দুই মাসে প্রায় ১০ লাখ টাকা লেনদেন হয়। চক্রটির চার সদস্য গ্রেপ্তার হলেও আরও ছয়জনের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশীদ বলেন, ‘গত দুই মাসে গাজীপুর, ভালুকা, ত্রিশালসহ আশপাশের এলাকায় এ ধরনের অপহরণের ঘটনার খবর পাওয়া যাচ্ছিল। তারপর এ চক্রটিকে নিয়ে আমরা কাজ শুরু করি। গত ৫ ফেব্রুয়ারি একই ধরনের অপরাধ সংগঠিত করতে যাচ্ছে এমন খবরে অভিযান শুরু করা হয়। দুদিনের অভিযানে চক্রের চারজন ধরা পড়ে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
পুলিশ হেফাজতে থাকা শাহাদত হোসেন বলেন, ‘সংসারে অভাবে কারণে এ কাজকে পেশা হিসেবে বেছে নিয়েছি। আমি পরিস্থিতি শিকার। প্রাইভেটকারে লোকাল যাত্রী উঠিয়ে ফাঁকা রোডে নিয়ে যাঁর কাছে যা পাইতাম রেখে নামিয়ে দিতাম। আমি গাড়ি চালাইতাম, অন্যরা মারধর ও টাকা আদায় করত। কতগুলো এমন কাজ করেছি, তার হিসাব নেই। যখন অভাবে বেশি পড়ি, তখনই এই কাজ করতাম।’ গ্রেপ্তার হওয়া শাহাদতের ছোট ভাই আবদুস সালাম বলেন, ‘ভাইকে ভালো করার জন্য তাঁর কাছে এসেছিলাম। আমার মা–বাবা খুবই অসুস্থ। ভাইকে ভালো পথে ফেরানোর জন্য সে কী করে, তার জন্য চক্রে যোগ দিয়েছিলাম। আমি দুটি ঘটনার সঙ্গে ছিলাম।’
গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় ময়মনসিংহ নগরের দীঘারকান্দা বাইপাস এলাকা থেকে একটি প্রাইভেকটারে তুলে নেওয়া হয় প্রথম আলোর আঞ্চলিক ব্যবস্থাপক আবুল বাশারকে। প্রাইভেটকারে তুলে চোখ, হাত ও মুখ বেঁধে গাড়িতে ঘুরতে থাকা অবস্থায় মারধর চলতে থাকে। এ সময় সঙ্গে থাকা ১৫ হাজার ৭০০ টাকা এবং বিকাশের মাধ্যমে ২ লাখ টাকা মুক্তিপণ আদায় করে ত্রিশালের চেলেরঘাট এলাকায় রাস্তার পাশে ফেলে যাওয়া হয়। এ ঘটনায় ৩০ ডিসেম্বর আবুল বাশার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।
আবুল বাশার বলেন, ‘গাড়িতে তুলে নিয়ে চোখ, হাত ও মুখ বেঁধে মারধরের সে যন্ত্রণা এখনো শরীরে বয়ে বেড়াচ্ছি। পুলিশ চক্রটির চারজন সদস্যকে ধরেছে। চক্রটির সব সদস্য আইনের আওতায় আসুক, মহাসড়কে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে।’
শনিবার বিকেলে জেলা ডিবি কার্যালয়ে কথা হয় ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার পোশাক কারখানায় কাজ করা আরিফ উদ্দিনের সঙ্গে। তিনি শেরপুরের নকলা উপজেলার বাসিন্দা। গত ২ ফেব্রুয়ারি ময়মনসিংহ শহরে চিকিৎসক দেখিয়ে ভালুকায় যাওয়ার পথে দীঘারকান্দা বাইপাস এলাকায় চক্রের ফাঁদে পাড়েন তিনিও। আরিফ উদ্দিন প্রথম আলোকে বলেন, চক্রটির চার সদস্য প্রাইভেটকারে তুলে কৌশলে মাঙ্কি ক্যাপ পরিয়ে মারধর করে সঙ্গে থাকা টাকা ও পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে প্রায় ৪৩ হাজার টাকা নিয়ে নেয়। পরে মারধর শেষে ত্রিশালের বৈলর এলাকায় ফেলে যায়।
ময়মনসিংহ জেলা ডিবির ওসি মো. আবুল হোসেন বলেন, চক্রটির চার সদস্যকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদেরকেও গ্রেপ্তারে অভিযান চলছে।