ইউএসটিসিতে তরুণীর লাশ উদ্ধার, প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ছাদ থেকে ফেলে হত্যা
চট্টগ্রাম নগরের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) উঁচু ভবন থেকে পড়ে রিতা আক্তার (১৯) নামের এক তরুণীর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ওই তরুণী খুনের শিকার হয়েছেন বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে খুলশী থানা-পুলিশ। তাঁর নাম আবদুর রহমান শেখ (২১)। আজ সোমবার সকালে ফেনীর বাদামতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত শনিবার রাতে ইউএসটিসি ক্যাম্পাস থেকে রিতা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তরুণীর মা জমিলা বেগম থানায় হত্যা মামলা করেন। তাঁর বাড়ি হবিগঞ্জের বানিয়াচং থানায়। তিনি নগরের পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকায় থাকতেন এবং একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ জানায়, একই প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালে আবদুর রহমানের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। তিন-চার মাস আগে মারামারির ঘটনায় আবদুর রহমানের চাকরি চলে যায়। তিনি বিভিন্ন সময়ে ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। শনিবার রাতে গার্মেন্টস ছুটির পর কৌশলে তরুণীকে ফয়’স লেক এলাকায় নিয়ে যান তিনি। পরে গুরুত্বপূর্ণ কথা বলার অজুহাতে তাঁকে ইউএসটিসি হাসপাতালের ইমার্জেন্সি ভবনের পঞ্চম তলায় নিয়ে যান। সেখানে কথা-কাটাকাটির এক পর্যায়ে ওই তরুণীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন আবদুর রহমান।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে ফেনী জেলার সোনাগাজী মডেল থানাধীন বাদামতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মামলার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম চলমান আছে।