বিকেলে নিখোঁজ দুই শিশু, রাতে মাইকিং, সকালে পুকুরে মিলল লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গোপাটের পুকুর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মারা যাওয়া দুই শিশুর নাম আরাফাত খাঁ (৯) ও মো. সামির (৮)। আরাফাত চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গোপাট গ্রামের এনাম খাঁর ছেলে। সামির উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের শিপন মিয়ার ছেলে। শিশু দুটি সম্পর্কে মামাতো–ফুফাতো ভাই।

চম্পকনগর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের (সাটিরপাড়া) সদস্য রেজুয়ান আহম্মেদ বলেন, কয়েক দিন আগে সামির মা–বাবার সঙ্গে নানাবাড়ি সাটিরপাড়ায় বেড়াতে আসে। গতকাল রোববার বিকেল থেকে শিশু দুটি একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও স্বজনরা তাদের সন্ধান পায়নি। রাতে মাইকিং করেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে আজ সকালে বিজয়নগর থানায় দুই শিশুর নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে যান স্বজনেরা। এর মধ্যে বাড়ি থেকে সামান্য দূরে সাটিরপাড়ার একটি পুকুরে একটি শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন।

এদিকে জিডি করে থানা থেকে বাড়িতে ফেরার পর পুকুরে একটি লাশ ভেসে উঠেছে জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান শিশু দুটির পরিবারের লোকজন। লাশটি শনাক্ত করার পাশাপাশি স্থানীয় লোকজন ও স্বজনরা পুকুরে খোঁজাখুঁজি করে অপর শিশুর লাশও উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ প্রথম আলোকে বলেন, আজ সকালে পুকুরে শিশু দুটির লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পানিতে ডুবেই দুই শিশুর মৃত্যু হয়েছে।