সবাই যখন ঈদের আনন্দে ব্যস্ত, তখন তাঁরা কর্মস্থলে
জরুরি সেবা হিসেবে বিবেচিত কিছু পেশার মানুষ আছেন, যাঁদের ঈদের দিনেও নাগরিকদের সেবা দিয়ে যেতে হয়। এ ক্ষেত্রে কর্মস্থলে ব্যস্ততার মধ্যেই সহকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হয়। নরসিংদী শহর ঘুরে ঈদের দিন কর্মস্থলে ব্যস্ত সময় কাটানো কিছু পেশার মানুষের কথা তুলে ধরা হলো।
রোগীদের সেবা নিশ্চিত করার মধ্যেও ঈদের আনন্দ
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে সব সময়ই রোগীর ভিড় লেগেই থাকে। ১০০ শয্যার হাসপাতালটি জেলার মানুষের চিকিৎসার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। তিনটি শিফটে সহকারীদের নিয়ে প্রতিবেলায় একজন চিকিৎসক সেখানে দায়িত্ব পালন করেন।
আজ শনিবার ঈদের দিন বেলা সাড়ে ১১টার দিকে সেখানে গেলে দেখা যায়, জরুরি বিভাগে দায়িত্ব পালন করছেন গাইনি কনসালট্যান্ট অসীম কুমার সাহা। তিনি বলেন, ‘আমরা এমন এক সেবামূলক পেশায় আছি, যেখানে ছুটির বিষয়টি গৌণ। জরুরি বিভাগে সাধারণত চিকিৎসা দেন মেডিকেল অফিসাররা। ঈদের ছুটিতে আমি দায়িত্ব পালন করায় আমার সহকর্মী অন্য চিকিৎসকেরা ছুটি কাটাতে পারছেন, এটাও আনন্দের। যেসব রোগী আসছেন, তাঁরা চিকিৎসাসেবা না পেলে কীভাবে হবে? তাঁদের সেবা নিশ্চিত করার মধ্যেও একধরনের ভালো লাগা কাজ করে। আমার কাছে তো মনে হচ্ছে, এটাই ঈদের আনন্দ।’
আমরা না থাকলে আহত মানুষের পাশে থাকবে কারা
পরিবারের সদস্যদের ছাড়া কর্মস্থলে পঞ্চমবারের মতো ঈদুল ফিতর কাটাচ্ছেন নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রায়হান। তাঁর বাড়ি চাঁদপুরের মতলব উত্তরে।
মো. রায়হান বলেন, ‘আমাদের এখানে চালক, ফায়ার ফাইটারসহ ৩০ জনের মতো জনবল রয়েছে। এখানে আমরা সবাই মিলে একটি পরিবার। ঈদ উপলক্ষে আজ এখানে ভালো মানের খাবার রান্না হয়েছে। সবাই মিলে খাওয়াদাওয়ার মাধ্যমে দিনটি উদ্যাপন করব। এই আমাদের ঈদের আনন্দ। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী, ঈদের ছুটিতে ধাপে ধাপে ৩০ শতাংশ করে কর্মী বাড়ি যেতে পারেন। সেই হিসেবে আমাদের সাত-আটজন কর্মী প্রথম ধাপের ছুটি কাটাচ্ছেন। পরবর্তী দুই ধাপে বাকি কর্মীদেরও ছুটি কাটানোর সুযোগ রয়েছে।’ তিনি আরও বলেন, ‘ঈদে আমরা কর্মস্থলে না থাকলে আহত মানুষের পাশে থাকবে কারা?’
আনন্দ নিয়ে ভাবলে কি আর সংসার চলব?
পাঁচ মাস ধরে নরসিংদী পৌরসভাসংলগ্ন ব্র্যাক ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তার (সিকিউরিটি) দায়িত্ব পালন করছেন ষাটোর্ধ্ব আবদুল সোবহান। আগে বিভিন্ন ধরনের চাকরি করেছেন। তাঁর বাড়ি নরসিংদীর রায়পুরার চর আড়ালিয়ায়। বাড়িতে স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনি থাকলেও তাঁদের সঙ্গে ঈদ করা হচ্ছে না তাঁর। শরীরটা কর্মস্থলে থাকলেও মন পড়ে আছে বাড়িতে।
আবদুল সোবহান বলেন, শহরের কাছেই হাজীপুর ইউনিয়নের একটি ভাড়া বাসায় থাকেন। হিন্দু ধর্মাবলম্বী একজন সহকর্মীকে এক ঘণ্টার জন্য বসিয়ে ঈদের নামাজটা পড়ে এসেছেন। যে কাজ করেন, ঈদের ছুটিও পাওয়া যায় না। তিনি আরও বলেন, ‘আমার এক ছেলে ভাঙারির ব্যবসা করে, অন্য ছেলে মালামাল টানে। গরিব মানুষের আবার ঈদের আনন্দ কী? দুনিয়াতে বাঁচতে হলে চাকরি তো করতেই হইব। কাজ না করে ঈদের আনন্দ নিয়ে ভাবলে কি আর সংসার চলব?’
দায়িত্ব পালন করছি বলেই মানুষ বাড়িতে ঈদ করতে পারছেন
শহরের জেলখানার মোড়ে দুপুরে গিয়ে দেখা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন টিএসআই আয়ন চন্দ্র দে। তাঁর বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিনে। বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই ছেলেকে নিয়ে স্ত্রী থাকেন ঢাকায়। ১৮ মাস ধরে তিনি নরসিংদীতে চাকরি করছেন, থাকেন পুলিশ লাইনসে। এর আগে ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, বান্দরবান ও পিরোজপুর ট্রাফিক পুলিশে ছিলেন।
আয়ন চন্দ্র দে বলেন, ‘প্রায় প্রতি ঈদেই আমাকে কর্মস্থলে থাকতে হয়েছে। আমরা মহাসড়কে দায়িত্ব পালন করছি বলেই এত এত মানুষ নির্বিঘ্নে বাড়িতে গিয়ে ঈদ করতে পারছেন। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দ।’
গাড়ি নিয়ে বের না হলে তাঁরা কীভাবে যেতেন?
বেলা একটার দিকে ভেলানগরে ঢাকা-সিলেট মহাসড়কে কথা হয় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের চালকের সহকারী তাজু মিয়ার সঙ্গে। ৪০ বছরের এই জীবনে তিনি অনেক ধরনের কাজ করেছেন। শেষে থিতু হয়েছেন বাসের চালকের সহকারী হিসেবে। স্ত্রী-সন্তানদের ঘরে রেখে ঈদের দিন ভোরেই বাসের সঙ্গে বের হয়েছেন তিনি। তাজু মিয়া বলেন, ‘আজ ঈদের দিন হওয়ায় যাত্রীর সংখ্যা অর্ধেকের কম। গুরুত্বপূর্ণ কাজকর্ম না থাকলে তো এই দিনে তাঁরা ঢাকায় যেতেন না। আমরা গাড়ি নিয়ে বের না হলে তাঁরা কীভাবে যেতেন? আর রাস্তায় না নামলে আমরাই বা চলব কেমনে? আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, পেটের দায়ে কাজ করতে হয়।’
দুই মেয়ের কথা ভাবলেই দুশ্চিন্তা হয়
ভেলানগর থেকে ফেরার সময় দেখা মেলে ব্যাটারিচালিত অটোরিকশাচালক হাসানুল মিয়ার সঙ্গে। ২০ বছর ধরে শহরে অন্যের রিকশা ভাড়ায় চালান তিনি। বাড়ি তাঁর রংপুরের ডোমার উপজেলায়। স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে তাঁর সংসার। ঋণ করে এক মেয়ের বিয়ে দিয়েছেন, আরও দুই মেয়ের বিয়ে দিতে হবে। বছরে দুবার ধান কাটার সময় এলাকায় গিয়ে মাস তিনেক থেকে অন্যের ধান কেটে দেন, বাকি সময়টা নরসিংদী শহরে অটোরিকশা চালান। হাসানুল মিয়া বলেন, ‘দুই মেয়ের বিয়ে যে কেমনে দেব, সেই কথা ভাবলেই দুশ্চিন্তা হয়।’