কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, বাড়িঘর ভাঙচুর–লুটপাট

কুষ্টিয়ায় দুইপক্ষের সংঘর্ষের সময় বাড়িঘর ভাঙচুর করা হয়। আজ রোববার সকালে তোলাছবি: প্রথম আলো

কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া বটতৈলপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। গতকাল শনিবার রাত আটটার দিকে হওয়া সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়েছেন। সেখান থেকে একটি বড় হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, বেশ কিছুদিন ধরে বটতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুল হান্নান পক্ষের সঙ্গে একই ইউনিয়নের সাবেক সদস্য সাইফুল ইসলামের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল রাত আটটার দিকে বড়িয়া ভাদালিয়াপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় এলাকার বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী। আটক–আতঙ্কে বর্তমানে ওই এলাকা পুরুষশূন্য।

স্থানীয় লোকজনের ভাষ্য, গতকাল সন্ধ্যার দিকে শওকত মন্ডল বাড়ির পাশে চায়ের দোকানে চা পান করতে গেলে অপর পক্ষ তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, হান্নান ও সাইফুলের মধ্যে বেশ কয়েক বছর ধরে বিরোধ। প্রায়ই তাঁরা মারামারি করেন। মীমাংসা করে দেওয়া হয়, কিন্তু তাঁরা আবার সংঘর্ষে জড়ান। গতকালও তাঁরা সংঘর্ষে জড়ান। এতে কয়েকজন আহত হয়েছেন। বাড়িঘর কিছু ভাঙচুর হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বড় হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।