অটোরিকশায় নিয়ে যাওয়ার সময় এক লাখ ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ৪
চট্টগ্রাম শহরে সিএনজিচালিত অটোরিকশায় এক লাখ ইয়াবা বড়ি নিয়ে আসা চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে নগরের শাহ আমানত সেতু এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ গহিরা এলাকার মো. ইলিয়াস (৪৫), একই এলাকার ইমরান হোসেন (২৪), কর্ণফুলী উপজেলার ফাজিল খার হাট এলাকার মীর এরফানুল হক (২৩) ও ফটিকছড়ি উপজেলার বুধপুরা বাজার এলাকার গিয়াস উদ্দিন (২৮)। গিয়াস ওই অটোরিকশার চালক।
র্যাব জানায়, ইয়াবা বড়িসহ সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরের দিকে আসছিলেন ওই চারজন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শাহ আমানত সেতুর ওপর একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অটোরিকশা তল্লাশি করলে এক লাখ ইয়াবা বড়িসহ তাঁরা আটক হন। কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরে প্রবেশের আগেই তাঁরা ধরা পড়েন। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
র্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার বলেন, ইয়াবা বড়ি জব্দ ও আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাঁদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।