জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেনকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আখতার হোসেনের অভিযোগ, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রচার-প্রচারণা চালানোর সময় তাঁকে অপরিচিত মুঠোফোন নম্বর থেকে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় শনিবার রাতে তিনি পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আখতার হোসেন জিডিতেতে উল্লেখ করেন, বিকেল অনুমানিক সাড়ে পাঁচটার সময় তিনি পীরগাছা থানার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর সময় অপরিচিত মুঠোফোন নম্বর হতে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ ঘটনা নিয়ে শনিবার রাত ১১টার দিকে আখতার হোসেন গণমাধ্যমকে বলেন, সারা দেশের মতো তাঁর আসনেও শাপলা কলির নেতা–কর্মীদের নানা সময়ে হুমকি দেওয়া হয়েছে। প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে, গোপনেও হুমকি দেওয়া হয়েছে।
আখতার হোসেন বলেন, ‘ভয় দেখিয়ে, উড়ো কথা বলে, প্রাণনাশের হুমকি দিয়ে কোনোভাবেই আমাদের জয়যাত্রাকে থামিয়ে রাখা যাবে না।’
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।