চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট আমবাজারে এখন আশ্বিনা জাতের আমের দাপট চলছে। আমের মূল মৌসুম শেষ হলেও এখনো হাট সরগরম। প্রতিদিন কেনাবেচা হচ্ছে কোটি টাকার আম। দাম পেয়ে খুশি আমচাষিরা।
গত রোববার সকালে কানসাট আমবাজারে গিয়ে দেখা যায়, বড় বড় ডালি ও প্লাস্টিকের ক্যারেটে বোঝাই রিকশাভ্যানের সারি। ক্রেতা-বিক্রেতাদের দরদামের হাঁকডাকে মুখর বাজার। ভোলাহাট উপজেলার বড়গাছি থেকে ভ্যানে আশ্বিনা আম বিক্রির জন্য নিয়ে এসেছেন আমচাষি সাদিকুল ইসলাম (৪০)। তাঁর ডালিতে রয়েছে আকর্ষণীয় হলুদাভ রঙের বড় বড় আম। পাশাপাশি সবুজ রঙের ছোট আম।
সাদিকুল ইসলাম বলেন, হলুদ আমগুলোতে বিশেষ ধরনের কাগজের প্যাকেট পরানো ছিল। এগুলো দেখতে আকর্ষণীয় হলেও খেতে বেশি ভালো সবুজ রঙের ছোট আমগুলো। এগুলো সরাসরি রোদ-বাতাস পেয়েছে। দামেও রয়েছে পার্থক্য। প্যাকেটের আম বিক্রি হচ্ছে ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকা মণ দরে। আর সবুজ আমের দাম আট হাজার থেকে সাড়ে আট হাজার টাকার মধ্যে।
শিবগঞ্জ ম্যাঙ্গো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক শামীম খান বলেন, বাজারে যে পরিমাণ আম নেমেছে, এর থেকে বেশির ভাগ; অর্থাৎ দেড়গুণ আম বিভিন্ন বাগান থেকে সরাসরি বিক্রি হচ্ছে। প্রতিদিন গড়ে ২০ ট্রাক বোঝাই আম কানসাট থেকে চট্টগ্রাম, সিলেট ও ঢাকায় যাচ্ছে। যার বাজারমূল্য পৌনে তিন কোটি থেকে তিন কোটি টাকা। জেলার বাইরে পাঠানোর জন্য তিনি গত শনিবার এ বাজার থেকে গৌড়মতি আম কিনেছেন ১৬ হাজার ও কার্টিমন আম কিনেছেন ১২ হাজার টাকা মণ দরে।
বাজারে গৌড়মতি দেখা না গেলেও রোববার কার্টিমন বিক্রি করতে দেখা যায় নাচোলের সোনাইচণ্ডী থেকে আসা রবিউল ইসলামকে। তিনি জানান, তাঁর আমের দাম বলছেন ১০ হাজার টাকা করে। তবে তিনি সাড়ে ১০ হাজারের কম বিক্রি করবেন না।
আমবাজারের ইজারাদার মো. আসাদুজ্জামান বলেন, রোববার প্রায় দেড় হাজার মণ আম বাজারে নামছে। কোনো দিন কিছু বেশিও নামে। এ আমের বাজারমূল্য এক কোটি টাকার মতো। বাজারে আমের এমন সরবরাহ ১৫ থেকে ২০ দিন পর্যন্ত থাকবে বলে আশা করা যায়।
উপজেলার আমচাষিরা বলেন, বর্ষায় বেশি বৃষ্টিপাতে আম পেকে যায় তাড়াতাড়ি ও পোকামাকড়ের আক্রমণও বেশি হয়। কিন্তু এবার বৃষ্টিপাত কম থাকায় আম ভালো আছে। কানসাট আম আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, কানসাট থেকে এই সময়ে প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক করে আম বাইরে যাচ্ছে। যার বাজারমূল্য তিন কোটি থেকে চার কোটি টাকা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, এবার ৯ হাজার ১৯৮ হেক্টর জমিতে আশ্বিনা আমের উৎপাদন হয়েছে। আশ্বিনার উৎপাদন প্রতি হেক্টরে ১০ মেট্রিক টন। এর মধ্য শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় আশ্বিনা আম বেশি হয়েছে।