শেখ হাসিনার গাড়িবহরে হামলা
বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুলসহ চারজনের যাবজ্জীবন, আরও ৪৪ জন দণ্ডিত
সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় হওয়া দুই মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার আরও ৪৪ জন আসামিকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩–এর বিচারক বিশ্বনাথ মণ্ডল এ রায় ঘোষণা করেন। সাতক্ষীরা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) ফাইমুল হক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
রায়ের বিষয়ে আসামিপক্ষের আইনজীবী আবদুল মুজিদ বলেন, তাঁরা এ রায়ে সন্তুষ্ট হতে পারেননি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।
কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় হওয়া তিনটি মামলার মধ্যে একটি মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি রায় দেন আদালত। ওই মামলায় হাবিবুল ইসলামসহ ৫০ নেতা-কর্মীকে ৪ থেকে ১০ বছর কারাদণ্ডের আদেশ দেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির।
এপিপি ফাইমুল হক বলেন, তিনটি মামলার মধ্যে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলার ৪৮ আসামির মধ্যে আদালত আজ সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম, উপজেলা যুবদলের তৎকালীন সভাপতি কাদের বাচ্চু, কলারোয়া পৌর যুবদলের তৎকালীন সভাপতি আরিফুর রহমান ও সাবেক ছাত্রদল সভাপতি রিপনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বাকি ৪৪ জন আসামিকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
ফাইমুল হক বলেন, এই মামলায় কারাগারে থাকা হাবিবুল ইসলামসহ ৩৪ জন আদালতে হাজির ছিলেন। জামিনে থাকা পাঁজনের মধ্যে আইনজীবী আবদুস ছাত্তার আদালতে হাজির থাকলেও বাকিরা অনুপস্থিত ছিলেন। এ ছাড়া নয়জন আসামি প্রথম থেকেই পলাতক রয়েছেন। দুজন আসামি কারাগারে মারা গেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ, পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার এক নারীকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে যান। সেখান থেকে যশোরে যাওয়ার পথে কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলাকারী ব্যক্তিরা শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি করেন এবং বোমা বিস্ফোরণ ঘটান। অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। এ সময় বহরে থাকা ১৫ থেকে ২০টি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় শেখ হাসিনার গাড়িবহরে থাকা ১২ নেতা-কর্মী আহত হন।
সাতক্ষীরা-১ আসনের তৎকালীন সংসদ সদস্য হাবিবুল ইসলাম ও তাঁর নেতা-কর্মীরা এ হামলার পেছনে ছিলেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন বাদী হয়ে যুবদলের সভাপতি আশরাফ হোসেনসহ ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৭০ থেকে ৭৫ জনকে আসামি করে কলারোয়া থানায় মামলা করতে গেলে মামলাটি রেকর্ড করেনি পুলিশ। এ ঘটনার ১২ বছর পর ২০১৪ সালের ১৫ অক্টোবর সাতক্ষীরা আদালতে একটি মামলা করা হয়। আদালত কলারোয়া থানায় মামলাটি রেকর্ড করার আদেশ দেন।