সোমবারের সহিংসতায় চট্টগ্রামে দুজনের মৃত্যু

চট্টগ্রামে গতকাল কারাগারে হামলার সময় মো. নিজাম উদ্দিন নামের একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। গতকাল বিকেলে কেন্দ্রীয় কারাগারের সামনেছবি: জুয়েল শীল

চট্টগ্রামে গতকাল সোমবার সহিংসতায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সহিংসতা–চেষ্টার সময় গুলিবিদ্ধ হন। অপরজন হাটহাজারীতে সহিংসতায় মৃত্যুবরণ করেন।

নিহতরা হলেন মো. নিজাম উদ্দিন (১৮) ও মো. জামাল উদ্দিন (৫৪)। দুজনই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এর মধ্যে নোয়াখালীর মো. সাহাবউদ্দিনের ছেলে নিজাম কারাগারে সহিংসতার সময় গুলিবিদ্ধ হন। তাঁকে গতকাল সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারা সূত্র জানায়, বিকেলে কারাগারে হামলার উদ্দেশ্যে লোকজন কারা ফটকে জড়ো হন। এ সময় গোলাগুলি হয়। গুলিবিদ্ধ হন কয়েকজন। পরে তাঁদের চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জামাল উদ্দিনের বাড়ি হাটহাজারীতে। তাঁর বাবার নাম সালাহউদ্দিন। তিনি হাটহাজারীতে গুলিবিদ্ধ হয়ে সন্ধ্যা ছয়টার দিকে চমেক হাসপাতালে আসেন। পরে রাত সাড়ে নয়টার দিকে মৃত ঘোষণা করা হয় বলে ওয়ার্ড মাস্টার রাজীব দে জানান।

তিনি বলেন, দুজনের মরদেহ এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রয়েছে। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তছলিম উদ্দিন বলেন, গতকাল রাতে দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। দুজনের মরদেহ এখন লাশঘরে আছে। এ ছাড়া দুই দিনের সহিংসতায় এখনো ১৯৪ জন আহত ব্যক্তি বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।

উল্লেখ্য, গতকাল সরকার পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে নগরের বিভিন্ন থানা ও কারাগারে হামলা করা হয়। অগ্নিসংযোগ করা হয় বিভিন্ন থানা ও স্থাপনায়। এ ছাড়া আওয়ামী লীগের নেতা, সংখ্যালঘুদের বাড়িঘর ও দোকানপাটে হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়ে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হন। এর আগে রোববারের সহিংসতায় আহত হয়ে গতকাল সকাল পর্যন্ত ৬০ জন চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।