রাউজানে আত্মীয়র বাড়ির সিঁড়িতে পড়ে ছিল যুবকের রক্তাক্ত লাশ
চট্টগ্রামের রাউজানে এক আত্মীয়র বাড়ির সামনের সিঁড়ি থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মুহাম্মদ রাশেদ (৩৬)। তিনি ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সওদাগরপাড়ায় তাঁর নানার বাড়ি। গতকাল বিকেলে তিনি নানাবাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত ১২টার মোহাম্মদ রাশেদ তাঁর এক আত্মীয়র বাড়িতে বেড়াতে আসেন। তবে গভীর রাত হওয়ায় আত্মীয়র বাড়ির কেউ দরজা খোলেননি। মোহাম্মদ রাশেদ বাড়ির বাইরেই অপেক্ষা করছিলেন। সকাল হওয়ার পর স্থানীয় বাসিন্দারা ওই আত্মীয়র বাড়ির সামনের সিঁড়িতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। তাঁর মাথায় গুরুতর জখম ছিল। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।
জানতে চাইলে স্থানীয় সওদাগরপাড়া সমাজকল্যাণ কমিটির সাধারণ সম্পাদক কাসেম হিরু প্রথম আলোকে বলেন, গতকাল গভীর রাতে ওই যুবক তাঁর আত্মীয়র বাসায় এসেছিলেন; কিন্তু তাঁর কণ্ঠ শুনে ঘরের ভেতর থেকে তাঁকে কেউ চিনতে পারেননি। গতকাল ওই বাড়িতে শুধু দুজন নারী ছিলেন। তাই তাঁরা দরজা খোলেননি। সকালে তাঁর রক্তাক্ত লাশ দেখতে পেয়ে রাতে ডাকাডাকির বিষয়টি বুঝতে পারেন।
স্থানীয় নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, রক্তাক্ত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।