রাজশাহীতে বরই পাড়তে নিষেধ করায় খুন, কারাগারে ২ তরুণ
রাজশাহীতে বরই পাড়তে নিষেধ করায় কাজেম আলী ওরফে বিদ্যুত (৪০) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চন্দ্রিমা থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রাজশাহী চিফ মেট্রোপলিটন আদালত-৫–এর বিচারক শংকর কুমার বিশ্বাসের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন দুই তরুণ।
গ্রেপ্তার তরুণেরা হলেন নগরের শাহমখদুম থানাধীন গাংপাড়া এলাকার মৃত আজম আলীর ছেলে মো. নাসিম (২২) ও একই থানাধীন পবা নতুনপাড়া এলাকার মৃত সাজ্জাদের ছেলে মো. শুভ (২০)। এ ঘটনায় পলাতক আছেন মামলার আরেক আসামি গাংপাড়া এলাকার মো. হান্নানের ছেলে মো. আকাশ (২০)।
এর আগে গতকাল দুপুরে নগরের চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম এলাকায় বরই পাড়া নিয়ে ছুরিকাঘাতে কাজেম আলী নিহত হন। কাজেম আলী ছোটবনগ্রাম স্কুলপাড়া মহল্লার মৃত শমসের আলীর ছেলে। এ ঘটনায় গতকাল রাতে নিহত কাজেম আলীর ছোট বোন মোসা. মৌসুমী খাতুন নগরের চন্দ্রিমা থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। এই মামলায় রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নাসিম ও শুভ গতকাল দুপুরে কাজেম আলীর বাড়ির গাছ থেকে ঢিল ছুড়ে বরই পাড়ছিলেন। তখন কাজেম বরই পাড়তে নিষেধ করেন। এ সময় তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। ধাক্কাধাক্কির একপর্যায়ে শুভ কাজেম আলীকে ছুরিকাঘাত করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কাজেম আলীর মৃত্যু হয়।
নগরের চন্দ্রিমা থানার পুলিশ পরিদর্শক মইনুল বাশার বলেন, দুজনকে গ্রেপ্তারের পর আজ সকালে আদালতে তোলা হয়। সেখানে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আসামিরা। বরই পাড়ায় নিষেধ করায় তাঁরা কাজেম আলীকে ছুরিকাঘাত করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। এ ঘটনায় পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।