নেপালে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত থমাস প্রিনজ নেপালের কাঠমান্ডু থেকে ১ হাজার ২৫ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিয়ে বাংলাদেশের ঢাকায় এসেছেন। ১০ ডিসেম্বর সাইকেলে রওনা দিয়ে ১৬ ডিসেম্বর তিনি দিনাজপুরের হিলি সীমান্ত হয়ে বাংলাদেশে আসেন। পরে তিনি ঢাকায় তাঁর বাংলাদেশি স্ত্রী অনুজার কাছে আসেন।
২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি ঢাকায় জার্মান রাষ্ট্রদূত ছিলেন। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে তিনি নেপালে জার্মান রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই যাত্রা নিয়ে প্রথম আলো ই-মেইল ও হোয়াটসঅ্যাপে কথা বলে তাঁর সঙ্গে।
প্রথম আলো: সাইকেলে করে নেপাল থেকে বাংলাদেশে এলেন...
থমাস প্রিনজ: আমার স্ত্রী বাংলাদেশি অনুজা। স্ত্রীর সঙ্গে বড়দিনের উৎসবে যোগ দিতে সাইকেলে করে কাঠমান্ডু থেকে বাংলাদেশে এসেছি।
প্রথম আলো: অনুজার সঙ্গে পরিচয় কীভাবে? বিয়েটাই–বা হলো কীভাবে?
থমাস প্রিনজ: অনুজা বাংলাদেশি। ২০১৬ সালে ঢাকায় রাষ্ট্রদূত থাকার সময় বন্ধুদের মাধ্যমে তাঁর সঙ্গে দেখা ও পরিচয়। ২০১৮ সালে আমরা বিয়ে করেছি। অবশ্যই প্রেম করে।
প্রথম আলো: বাংলাদেশের কোন খাবার ভালো লাগে আপনার?
থমাস প্রিনজ: বাংলাদেশের সব ধরনের সবজি ও তরকারি পছন্দ। ঢাকার রান্না আন্তর্জাতিক মানের।
প্রথম আলো: ১ হাজার ২৫ কিলোমিটার পথ সাইকেলে চড়ে ঢাকায় আসার পরিকল্পনা মাথায় এল কীভাবে?
থমাস প্রিনজ: সাইকেলে চড়ে বাংলাদেশে আসার অনুপ্রেরণা পেয়েছি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ‘বাইক চালানোর আনন্দের সঙ্গে আর কোনো কিছুর তুলনা হয় না’ কথাটি থেকে। ৯ দিনের রোমাঞ্চকর অভিজ্ঞতা ভুলব না। খুব উপভোগ করেছি। জ্বালানিচালিত গাড়ি পরিবেশ দূষণ করে। আমি ভবিষ্যতে গাড়ির ব্যবহার কমিয়ে সাইকেল ব্যবহার করার ধারণাটি বেশি করে প্রচার করব। সাইকেল চালানো সাশ্রয়ী ও স্বাস্থ্যকর, অনেক ক্ষেত্রে এটি গাড়ির চেয়ে দ্রুত গন্তব্যে পৌঁছে দেয়।
প্রথম আলো: একজন রাষ্ট্রদূত হয়ে সাইকেলে চড়ে ঢাকা সফরে নিরাপত্তা নিয়ে সমস্যা হয়নি?
থমাস প্রিনজ: ১৬ ডিসেম্বর হিলি সীমান্ত হয়ে বাংলাদেশ পৌঁছানোর পর স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের উষ্ণ অভ্যর্থনা পেয়েছি। পথে পথে বাংলাদেশের মানুষের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আমাকে মুগ্ধ করেছে। এই সফরে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ছাড়াও আমার অনেক বন্ধু সহযোগিতা করেছেন। আমার স্ত্রী অনুজাকে ধন্যবাদ, সাইকেলে বাংলাদেশ ভ্রমণের অদ্ভুত উদ্যোগ নিয়ে তিনি কোনো প্রশ্ন তোলেননি।
প্রথম আলো: যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুতে সাইকেল তো নিষিদ্ধ। সেতু পার হলেন কীভাবে?
থমাস প্রিনজ: বগুড়ায় রাতযাপনের পর সাইকেলে চড়ে ওই দিনই বঙ্গবন্ধু সেতুতে পৌঁছাই। সেতুতে সাইকেলে পারাপার নিষিদ্ধ থাকার বিষয়টি আগে থেকে জানা ছিল না। সেতুর নিরাপত্তাকর্মীরা বাধা দেওয়ার পর আমার জন্য একটি লরির ব্যবস্থা করা হয়। লরিতে সাইকেল তুলে আমিও তাতে উঠে পড়ি। এভাবে লরিতে চেপে বঙ্গবন্ধু সেতু পার হয়েছি। টাঙ্গাইলে এসে রাতযাপনের পর ১৯ ডিসেম্বর আশুলিয়া হয়ে ঢাকায় পৌঁছাই।
প্রথম আলো: পাহাড়-সমতল-নদী পেরিয়ে সাইকেলে বাংলাদেশের রাজধানীতে পৌঁছানোর অভিজ্ঞতা কেমন ছিল?
থমাস প্রিনজ: কোনো খারাপ অভিজ্ঞতা হয়নি। বাংলাদেশের মানুষ বন্ধুত্বপূর্ণ। পথে পথে সবুজ খেত, প্রকৃতি, মানুষের জীবন-জীবিকা, গ্রামবাংলার সংস্কৃতি দেখে আমি মুগ্ধ। অনেকেই জিজ্ঞেস করেছে, আমি কোথা থেকে এসেছি এবং কোথায় যেতে চাই? কেউ কেউ আমার বয়স নিয়েও কৌতূহলী ছিল। পথে পথে সাইকেল থেকে নেমে রাস্তার পাশের চায়ের দোকানে কলা আর আদা পানি দিয়ে চা পান করেছি। যেখানেই দাঁড়াতাম, কৌতূহলী লোকজন আমার সাইকেল ঘিরে ধরে আমার যাত্রা নিয়ে দারুণ আগ্রহ দেখিয়েছেন। তবে একটা বিষয় আমার মোটেও পছন্দ হয়নি, তা হলো বাংলাদেশের বেশির ভাগ খাবারের দোকান অস্বাস্থ্যকর।
প্রথম আলো: এই কয় বছরে বাংলাদেশের কোনো পরিবর্তন চোখে পড়ছে?
থমাস প্রিনজ: বঙ্গবন্ধু সেতু পারাপারের সময় দেখেছি, সেতুর এক পাশে নতুন রেলসেতু নির্মিত হচ্ছে। অনেক দালানকোঠা, অবকাঠামো দেখেছি। বাংলাদেশের এমন অগ্রগতি দেখে ভালো লেগেছে। বাংলাদেশ খুব দ্রুত উন্নতি করছে। সুযোগ হলে পদ্মা সেতু দেখতে যাব।
প্রথম আলো: নেপাল ফিরে যাবেন কবে?
থমাস প্রিনজ: সাইকেল রাইডের রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন এবং স্ত্রী অনুজার সঙ্গে বড়দিন উৎসব উদ্যাপনই এবারের ঢাকা ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল। জানুয়ারির শুরু পর্যন্ত থাকব। এরপর ঢাকা থেকে উড়োজাহাজে কাঠমান্ডু ফিরে যাব।