সাইড দেওয়া নিয়ে দুই ইজিবাইকচালকের মারামারি, থামাতে গিয়ে প্রাণ গেল যাত্রীর

মরদেহপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় সাইড দেওয়া নিয়ে দুই ইজিবাইকচালকের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে তাহের ভূঁইয়া (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় নেত্রকোনা সদরের শিবপ্রসাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাহের ভূঁইয়া নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের কসবা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার আগে শিবপ্রসাদপুর এলাকায় একই দিকে যাচ্ছিল দুটি ইজিবাইক। এ সময় সাইড দেওয়া নিয়ে ইজিবাইকচালক সুমন মিয়া (২৮) ও শরীফ মিয়ার (২৬) মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজন মারামারিতে জড়ান।

এ সময় সুমন মিয়ার ইজিবাইকের যাত্রী তাহের দুই চালকের বিরোধ থামাতে এগিয়ে যান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তখন ইজিবাইকচালক শরীফ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তাহেরের মাথার বাঁ পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাহেরকে মৃত ঘোষণা করেন।

আজ রোববার সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।