বনে ফেরাতে যত্নে সুস্থ করে তোলা হচ্ছে উল্লুক দুটিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিণত বয়সের উল্লুকটি। লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া বন্য প্রাণী উদ্ধার কেন্দ্রে
ছবি: প্রথম আলো

একটি পরিণত বয়সের উল্লুক ও আরেকটি কয়েক মাসের বাচ্চা উল্লুক। মহাবিপন্ন প্রাণী দুটির এখন বনের গাছে গাছে থাকার কথা। কিন্তু এদের আটকে থাকতে হচ্ছে খাঁচায়। তবে এরা মানুষের ভালোবাসায় রয়েছে। আদর-যত্নের কোনো কমতি রাখা হচ্ছে না। বনের মুক্ত পরিবেশে ফিরিয়ে দিতে প্রস্তুত করা হচ্ছে ওদের।

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া বন্য প্রাণী উদ্ধার কেন্দ্রে প্রাণী দুটি রয়েছে। গত রোববার দুপুরে ওই কেন্দ্রে গিয়ে  দেখা যায়, লোহার শিক দেওয়া পাশাপাশি দুটি খাঁচায় রাখা হয়েছে উল্লুক দুটিকে। পরিণত বয়সের উল্লুকটি নারী, বাচ্চা উল্লুকটি ছেলে।

ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের চঞ্চল গোয়ালা মাসখানেক ধরে উল্লুক দুটির পরিচর্যা করছেন। তাঁকে সাহায্য করেন বন বিভাগের লোকজন।

তিনি প্রথম আলোকে বলেন, এরা সাধারণত দিনের বেলায় খাওয়াদাওয়া করে। এখানে এদের বনের পাতা ও ফল খেতে দেওয়া হয়। যখন বনের উল্লুকগুলো ডাকে, তখন খাঁচার বড় উল্লুকটি এদের ডাকে সাড়া দেয়। বাচ্চা উল্লুকটি তখন ছোটাছুটি করতে থাকে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় কার্যালয় মৌলভীবাজারে অবস্থিত। ওই কার্যালয় সূত্র জানায়, ২৭ সেপ্টেম্বর থেকে বাচ্চা উল্লুকটি জানকীছড়া বন্য প্রাণী উদ্ধার কেন্দ্রে রয়েছে। উদ্ধার করার সময় এটির বয়স ছিল চার-পাঁচ মাস। গত ২৬ সেপ্টেম্বর বান্দরবান-কক্সবাজার সড়কে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস থেকে কুমিল্লা বন বিভাগের কর্মীরা অভিযান চালিয়ে উল্লুকের বাচ্চাটিকে উদ্ধার করেন।

একটি পাচারকারী চক্র ওই বাসে করে উল্লুকের বাচ্চাটিকে নিয়ে যাচ্ছিল। কুমিল্লায় বন্য প্রাণী লালন-পালন করার ব্যবস্থা না থাকায় পরে এটিকে জানকীছড়ায় আনা হয়। এখানে বাচ্চাটিকে সব রকম যত্নআত্তি করা হচ্ছে। প্রথমদিকে লোকজন দেখলে কিছুটা দূরে সরে যেত। খাবার ও আদর-যত্ন পেতে পেতে এখন ডাকলে কাছে আসে। নিজ ইচ্ছায় খাবারও গ্রহণ করছে।

খাঁচার ভেতর বাচ্চা উল্লুকটি
ছবি: প্রথম আলো

পরিণত বয়সের উল্লুকটি ২ ডিসেম্বর খুলনা থেকে জানকীছড়া বন্য প্রাণী উদ্ধার কেন্দ্রে এসেছে। এর আগে খুলনায় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধানে ছিল প্রায় এক মাস। বিজিবি উল্লুকটিকে উদ্ধার করে খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা বিভাগের কাছে হস্তান্তর করেছিল। এখানে আসার পর উল্লুকটি ঠিকমতো খাবার খাচ্ছিল না। সেবা পেয়ে এখন নিজেই খাবার খাচ্ছে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল প্রথম আলোকে বলেন, ‘বিজিবি পরিত্যক্ত অবস্থায় উল্লুকটিকে উদ্ধার করে। এটিকে ভারত থেকে নিয়ে আসা হয়েছিল। এরপর তাদের (বিজিবি) কাছে ছিল প্রায় এক মাস। পরে আমাদের কাছে হস্তান্তর করে। উল্লুকটি অসুস্থ ছিল। আমরা চিকিৎসা করিয়েছি। পরে এটিকে মৌলভীবাজারে রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে।’

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণবিষয়ক সংঘ (আইইউসিএন) বাংলাদেশের লাল তালিকা অনুযায়ী, উল্লুক বাংলাদেশে অতি বিরল স্তন্যপায়ী মহাবিপন্ন প্রাণী। এরা সাধারণত ফল খায়। উঁচু গাছে বসবাস করে। গাছে গাছেই এদের জীবন কাটে। মাটিতে নামার ঘটনা খুবই কম। এরা বনমানুষ, নরবানর, হুতু বান্দর বা কালা বান্দর নামেও পরিচিতি। এদের বেঁচে থাকার জন্য দরকার ঘন প্রাকৃতিক বন।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেটের বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, জানকীছড়া রেসকিউ সেন্টারের উল্লুক দুটিকে গাজর, কলা, আপেল, ডুমুর ও কিছু গাছের কচি পাতা খাওয়ানো হচ্ছে। এখানে এদের অনেকদিন রাখতে হবে। বড় উল্লুকটিকে বনের খাবারে এবং ছোটটিকে বনে টিকে থাকার উপযোগী করে তুলতে হবে। এরপর বনের উন্মুক্ত পরিবেশে ছাড়া যাবে।