রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

নিহত আবদুল মান্নানছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবদুল মান্নান (৬২) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেতাগী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবদুল মান্নান ওই গ্রামের হাফেজ বজলুর রহমান বাড়ির নূর আহমেদের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৯ মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে আবদুল মান্নান ও তাঁর প্রতিবেশী মোজাম্মেল হকের ঝগড়া হয়। এর পর থেকে দুজনের বিরোধ চলে আসছিল। গতকাল সন্ধ্যায় স্থানীয় বাজারে বিষয়টি নিয়ে মান্নান ও মোজাম্মেল হকের আবারও ঝগড়া হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। স্থানীয় বাসিন্দারা এ সময় দুজনকে শান্ত করেন। এ ঘটনার পর স্থানীয় মসজিদে এশার নামাজ শেষে রাত সাড়ে নয়টার দিকে বাড়িতে ফিরছিলেন আবদুল মান্নান। এ সময় আবদুল মান্নানের ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। তাঁর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে মান্নান জানান, রাতের আঁধারে ওত পেতে থাকা মোজাম্মেল হক তাঁকে কুপিয়ে আহত করে পালিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা আবদুল মান্নানকে উদ্ধার করে প্রথমে রাউজানের পাহাড়তলীর একটি স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে অভিযুক্ত মোজাম্মেল হকের বক্তব্য জানা সম্ভব হয়নি। তিনি পলাতক। জানতে চাইলে পুলিশের রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারকে হস্তান্তর করা হবে। অভিযুক্ত মোজাম্মেল হককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।