জামালপুর-৫ (সদর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদের সমর্থকদের তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আর স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মো. রেজাউল করিমের একটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে সদর উপজেলার মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশ, সাংবাদিকসহ ছয়জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মহেশপুর এলাকায় নৌকা ও ঈগল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচন নিয়ে বাগ্বিতণ্ডা হয়। খবর পেয়ে নৌকার আরও কয়েকজন সমর্থক সেখানে যান। তাঁরা সেখানে থাকা ঈগল প্রতীকের একটি নির্বাচনী ক্যাম্পের চেয়ার ও টেবিল ভাঙচুর করেন। এরই মধ্যে ঈগল প্রতীকের আরও কিছু সমর্থক সেখানে জড়ো হয়ে নৌকার সমর্থকদের ধাওয়া দেন। এ সময় নৌকার সমর্থকদের তিনটি মোটরসাইকেলে আগুন দেন ঈগল প্রতীকের সমর্থকেরা। পরে রাত ১১টার দিকে ঈগল প্রতীকের সমর্থকেরা জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরা সেখানে গিয়ে ঈগলের সমর্থকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার জন্য বলেন। কিন্তু দীর্ঘ সময় তাঁরা সড়ক ছেড়ে যাচ্ছিলেন না। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরা লাঠিপেটা করে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেন। এ সময় তিন সাংবাদিক আহত হন। আর ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে ঈগল প্রতীকের সমর্থকেরা জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে ম্যাজিস্ট্রেট, র্যাব সদস্যসহ তাঁরা সেখানে যান। তাঁদের প্রায় আড়াই ঘণ্টা বুঝিয়ে সড়ক ছেড়ে দিতে বলা হয়। কিন্তু তাঁরা কোনোভাবেই সড়কটি ছাড়ছিলেন না। পরে বাধ্য হয়ে সড়ক থেকে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। এ সময় তাঁদের ছোড়া ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।