পাঁচ সিটিতে নির্বাচন হলেও বরিশালকে আলাদা গুরুত্ব দিয়ে মাঠে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মেয়র প্রার্থী নিয়ে আওয়ামী লীগে কোন্দল ও বিএনপি নির্বাচনে না আসায় এখানে বেশ সম্ভাবনা দেখছেন দলটির নেতারা। সেই সম্ভাবনার ফসল ঘরে তুলতে দলীয় প্রার্থীকে নিয়ে বিভিন্ন কৌশলে এগোচ্ছে ইসলামী আন্দোলন।
দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশাল আলাদা গুরুত্ব পাওয়ার অন্যতম কারণ, এটি দলীয় প্রধান চরমোনাই পীরের নিজ এলাকা। এখানে দলটির দ্বিতীয় শীর্ষ নেতা মেয়র প্রার্থী। এ ছাড়া বেশকিছু কৌশলগত সুবিধা আছে। এ জন্য প্রচার-প্রচারণা, সাংগঠনিক পূর্ণ শক্তি নিয়োগ, ভোটারদের আকৃষ্ট করা, ভোটের দিন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করাসহ নানামুখী কৌশল নির্ধারণ করে পরিকল্পনামাফিক এগোচ্ছেন দলটির নেতারা।
ইসলামী আন্দোলনের এ তৎপরতা মূলত প্রার্থী মনোনয়ন থেকেই শুরু হয়েছিল। গত ১৮ এপ্রিল দলটি প্রার্থী ঘোষণা করার কথা থাকলেও ওই দিন দুপুরে তা আকস্মিক স্থগিত করা হয়। দলের গণমাধ্যম শাখা থেকে বার্তা পাঠিয়ে বলা হয়, ‘অনিবার্য কারণবশত বরিশাল সিটিতে হাতপাখার প্রার্থীর নাম ঈদের পর ঘোষণা করা হবে।’ প্রার্থী ঘোষণা নিয়ে দলটির এমন সময়ক্ষেপণ এবং আকস্মিক তা স্থগিত করার ঘটনা ওই সময় নানা আলোচনার জন্ম দিয়েছিল।
এরপর ২৭ এপ্রিল দলটি মেয়র প্রার্থী হিসেবে দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমকে প্রার্থী ঘোষণা দেয়। তবে প্রথম দিতে এখানে প্রার্থীর হওয়ার আলোচনায় ছিলেন তাঁর ছোট ভাই সৈয়দ এছাহাক মোহাম্মদ আবুল খায়ের ও দলের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য আশরাফ আলী আকন।
রাজনৈতিক পর্যক্ষেকেরা মনে করছেন, আওয়ামী লীগের মধ্যে মনোনয়ন নিয়ে সাদিক আবদুল্লাহ ও আবুল খায়ের আবুদল্লাহর মতবিরোধ এবং বিএনপি মাঠে না থাকার বিষয়টি মাথায় রেখে সর্বোচ্চ সুবিধা নিতেই ইসলামপন্থী দলটি এখানে ফয়জুল করিমের মতো দলে শীর্ষ নেতাকে প্রার্থী করেছে।
ইসলামী আন্দোলনের নেতারা বলছেন, বরিশালে জয়ের লক্ষ্যে তাঁরা সাংগঠনিক সর্বোচ্চ শক্তি নিয়োগ করবেন তাঁরা। সে অনুযায়ী নির্বাচনী প্রচার, ভোটারদের আকৃষ্ট করা এবং ভোটের দিন কেন্দ্রে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে পরিকল্পনা সাজানো হয়েছে।
এই পরিকল্পনার অংশ হিসেবে এবার দলটি নগরের ৩০টি ওয়ার্ডে কোনো কাউন্সিলর প্রার্থী দেয়নি। দলটির নেতারা বলছেন, বিভিন্ন সময়ের অভিজ্ঞাতায় দেখা গেছে দলের মেয়র প্রার্থীকে রেখে বিভিন্ন কাউন্সির প্রার্থীরা নিজেদের জয় নিশ্চিত করতে সব দলের মেয়র প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রাখেন। এতে দলীয় মেয়র প্রার্থী ভোটের মাঠে ক্ষতিগ্রস্ত হন। এই অভিজ্ঞতা থেকেই এবার বরিশাল সিটিতে দলটি কোনো কাউন্সিলর প্রার্থী দেয়নি।
এদিকে দুটি লক্ষ্যকে সামনে রেখে মূল প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের বাইরে তাঁর ছোট ভাই দলের কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক ও বরিশাল জেলা কমিটির সভাপতি মুফতি সৈয়দ এছাহাক মোহাম্মদ আবুল খায়েরকে ‘প্রক্সি প্রার্থী’ করা হয়েছে। দুই লক্ষ্য সম্পর্কে দলের নেতারা জানিয়েছেন, কোনো কারণে যদি মুফতি ফয়জুল করিমের মনোনয়ন বাতিল হয়ে যায়, তাহলে দল যেন বিপাকে না পড়ে, সে জন্য ‘প্রক্সি প্রার্থী’ রাখা হয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে, ভোটকেন্দ্রে যাতে তাঁদের বেশি পোলিং এজেন্ট রেখে প্রভাব বিস্তার করা যায় এবং পরিবহনসহ নির্বাচন কমিশনের অন্যান্য সুবিধা নেওয়া যায়।
যদিও বৃহস্পতিবার বাছাইতে সৈয়দ এছাহাকের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। বিরুদ্ধে আপিল করার প্রক্রিয়া চলছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
নির্বাচনের প্রচার-প্রচারণাতেও আলাদা গুরুত্ব দিচ্ছে দলটি। গত ৮ মে বিকেলে ঢাকা থেকে সড়কপথে বরিশালে আসেন দলীয় প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। ওইদিন নগরের আমতলা মোড়ে দলের পক্ষ থেকে তাঁকে দেওয়া হয় নাগরিক সংবর্ধনা। এরপর বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে নগরে শোভাযাত্রা বের করা হয়। মূলত ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতেই এই শোভাযাত্রার আয়োজন করা হয়। অবশ্য মোটরসাইকেল শোভাযাত্রা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেন রিটার্নিং কর্মকর্তা।
সার্বিক বিষয়ে জানতে চাইলে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য আশরাফ আলী আকন আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমরা জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী। বরিশালের শান্তিপ্রিয় মানুষ এখানে ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু তাঁদের শঙ্কা হলো আমরা ভোট রক্ষা করতে পারব কি না। আমরা এ জন্য সর্বাত্মক চেষ্টা করব।’
মেয়র প্রার্থীর দিকে যাতে দলের সব স্তরের নেতা-কর্মীদের ‘ফোকাস’ থাকে এ জন্য এবার বরিশালে কাউন্সিল প্রার্থী দেওয়া হয়নি উল্লেখ করে আশরাফ আলী আকন বলেন, আসলে কাউন্সিলর প্রার্থীদের প্রতীক না থাকায় তাঁরা দলীয় পরিচয় দিতে ইতস্ততা বোধ করেন এবং নিজের জয়ের জন্য চেষ্টা করেন। এতে মেয়র প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়। সৈয়দ এছাহাক মোহাম্মদ আবুল খায়েরের প্রার্থিতা বাতিলের বিষয়ে তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে দলীয় সভায় সিদ্ধান্ত নেব, প্রার্থিতা ফিরে পেতে আপিল করব কি করব না।’
আগামী ১২ জুন বরিশাল সিটি নির্বাচনের ভোট গ্রহণ হবে। ১৬ মে ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আজ যাচাই-বাছাই শেষে মেয়র পদে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। বাছাইয়ে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৯ থেকে ২১ মে বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের, ২২ থেকে ২৪ মে আপিল নিষ্পত্তি ও ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৬ মে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।