প্রধানমন্ত্রী রাজশাহীতে পৌঁছেছেন, যোগ দিয়েছেন জনসভায়

প্রধানমন্ত্রী তারেক রহমান সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকেছবি: বিএনপি মিডিয়া সেল

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজশাহী সফরে এসেছেন তারেক রহমান। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে তিনি সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তিনি সরাসরি নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেন। বেলা ৩টা ২৮ মিনিটে তিনি জনসভায় পৌঁছান।

সফরসূচি অনুযায়ী, বেলা সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রীর রাজশাহীতে পৌঁছানোর কথা ছিল। এরপর নগরের গণকপাড়ায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন এবং সার্কিট হাউসে মধ্যাহ্নবিরতির কর্মসূচি ছিল। তবে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে রাজশাহীতে পৌঁছান। জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। পাশাপাশি রাজশাহীর আখচাষিদের মধ্যে প্রণোদনার অর্থ বিতরণেরও কর্মসূচি রয়েছে।

রাজশাহী সফর শেষে সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। এর আগে সকালে তিনি রংপুরে রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি
প্রধানমন্ত্রীর আগমন ও জনসভা উপলক্ষে কয়েক দিন ধরে রাজশাহী নগরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে তাঁর যাত্রাপথসহ বিভিন্ন সড়কে সংস্কার, পিচ ঢালাই ও রং করার কাজ করা হয়েছে। দেয়ালে আঁকা হয়েছে চিত্র। ড্রেন মেরামতের পাশাপাশি বিভিন্ন ফুটপাত থেকে হকারদের সরিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর যাত্রাপথ পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করতে নেওয়া হয় বিশেষ উদ্যোগ।

জনসভার জন্য ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তৈরি করা হয়েছে বড় মঞ্চ। মাঠের উঁচু-নিচু অংশ সমান করার কাজও করা হয়। কয়েক দিন ধরে বিএনপির নেতা–কর্মীরা মাঠে উপস্থিত থেকে প্রস্তুতির কাজ তদারকি করেন।

জনসভা বিকেলে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নগরের বিভিন্ন এলাকায় বিএনপির নেতা–কর্মীদের উপস্থিতি দেখা যায়। বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে তাঁরা জনসভাস্থলের দিকে আসতে থাকেন। বেলা আড়াইটার মধ্যে মাঠ নেতা–কর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। দুপুর থেকেই মঞ্চে বিএনপির জাতীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

রাজশাহীর উন্নয়নে যেসব দাবি
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গতকাল সোমবার জনসভাস্থল পরিদর্শনে যান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি নিতে হলেও রাজশাহীর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা ও আবেগ কাজ করছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই প্রথম রাজশাহী সফর। এ কারণে দলীয় নেতা–কর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের মধ্যেও তাঁর আগমন ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরার কথা জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, রাজশাহীতে বীজ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গড়ে তোলা, বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা, কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত শেষ করা এবং পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানানো হবে। এ ছাড়া রাজশাহীকে আনুষ্ঠানিকভাবে ‘শিক্ষা নগরী’ ঘোষণার দাবিও তুলে ধরা হবে।

এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারি নির্বাচনের আগে নির্বাচনী জনসভায় যোগ দিতে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান।