ব্যাংক ও ইনস্যুরেন্সের ভুয়া শাখা খুলে ১০ লাখ টাকা নিয়ে চম্পট
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ব্যাংক ও ইনস্যুরেন্সের ভুয়া শাখা অফিস খুলে কর্মী ও গ্রাহকের প্রায় ১০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছেন শাহিনুর ইসলাম নামের এক ব্যক্তি। শহরের শান্ত টাওয়ারে বেস্ট লাইফ ইনস্যুরেন্স ও গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের নামে দুটি ভুয়া শাখা অফিস খোলা হয়। এ ঘটনায় প্রতারণার শিকার হিসাবরক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত আফসানা আফরিন বাদী হয়ে তিনজনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখিত শাহিনুর ইসলামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পুটিমারী গ্রামে। অভিযুক্ত অন্যরা হলেন গাইবান্ধার শহিদুজ্জামান শহিদ ও সৈয়দপুরের ধলাগাছ এলাকার মোসলেম উদ্দিন।
ওই লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে শহরের আসমতিয়া দাখিল মাদ্রাসাসংলগ্ন এলাকার শান্ত টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন শাহিনুর। এরপর সেখানে বেস্ট লাইফ ইনস্যুরেন্স ও গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখা অফিসে জনবল নিয়োগের নামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
চটকদার বিজ্ঞপ্তি দেখে এলাকার বেকার যুবক-যুবতীরা বিভিন্ন পদে আবেদন করেন। এদের মধ্য থেকে ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটস পিয়ন পদে ১৪ জনকে নিয়োগ দেওয়া হয়। আর নিয়োগকৃতদের প্রতিষ্ঠান থেকে মোটা অঙ্কের বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে পদ অনুযায়ী ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জামানত নেওয়া হয়।
কর্মীরা মাঠপর্যায়ে গৃহনির্মাণ, কৃষিখাত ও কুটির শিল্পের ওপর ঋণ দেওয়ার নামে গ্রাহক সংগ্রহ করেন। এসব গ্রাহকের কাছ থেকে প্রতি লাখে পাঁচ হাজার টাকা হিসাবে জামানত নেওয়া হয়। এদিকে ইনস্যুরেন্সে ৫ থেকে ১৫ বছর মেয়াদি বিমা খুলে গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে বিভিন্ন অঙ্কের প্রিমিয়াম সংগ্রহ করা হয়। এভাবে প্রায় ১০ লাখ টাকা সংগ্রহ করে শাহিনুর উধাও হন।
অভিযোগকারী আফসানা আফরিন বলেন, ‘এজিএম হিসেবে পরিচয়দানকারী প্রতারক শাহিনুরের কথা সরল মনে বিশ্বাস করে আমরা প্রতারিত হয়েছি। ওই প্রতারক নিয়োগ দেওয়ার সময় কর্মীদের নামে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের রংপুর শাখায় পৃথক হিসাব নম্বর খুলে একটি করে চেকবই দেন।’
তিনি আরও বলেন, ‘প্রতারক শাহিনুরসহ তাঁর সহযোগীরা গা ঢাকা দেওয়ায় আমরা কর্মীরা বিপাকে পড়েছি। ব্যাংক ও ইনস্যুরেন্সের গ্রাহকেরা সঞ্চিত অর্থ ফেরত পেতে প্রতিনিয়ত নানাভাবে চাপ সৃষ্টি করছেন। ফলে গ্রাহকদের চাপে আমরা কর্মীরা সমস্যায় আছি।’
জানতে চাইলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।