পটুয়াখালীর রাঙ্গাবালী
জলকপাট অকেজো, আমন আবাদে বিঘ্ন
বেড়িবাঁধে নদীর তীরবর্তী স্থানে ছোট-বড় মিলিয়ে ৯৪টি জলকপাট। এর মধ্যে ৪০টি অকেজো।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার অনেক জলকপাট (স্লুইসগেট) এখন কাজে আসছে না। রক্ষণাবেক্ষণের অভাবে অনেক জলকপাট ভেঙে গেছে, দেবে গেছে গেট। আবার কতগুলো ওঠানো-নামানো করা যায় না।
ফলে লোনাপানি থেকে ফসল রক্ষা, স্বাদুপানি ধরে রাখা ও খালগুলোয় পানিপ্রবাহ স্বাভাবিক নেই। এ অবস্থায় উপকূলীয় এ উপজেলায় আমন আবাদ নিয়ে নানা ভোগান্তির শিকার কৃষক।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কলাপাড়া কার্যালয় সূত্র জানায়, প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাস থেকে মানুষের জীবন এবং সম্পদ রক্ষার জন্য রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা, তেঁতুলিয়া, বুড়াগৌরাঙ্গ, দাড়ছিড়াসহ বিভিন্ন নদীর তীরবর্তী এলাকায় প্রায় ২০০ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। বাঁধের অভ্যন্তরীণ জনপদ ও আবাদি জমিতে বর্ষায় জমে থাকা অতিরিক্ত পানি অপসারণ ও লোনাপানি নিয়ন্ত্রণের জন্য এ বেড়িবাঁধে নদীর তীরবর্তী স্থানে ছোট-বড় মিলিয়ে ৯৪টি জলকপাট নির্মাণ করা হয়। নব্বইয়ের দশকে জলকপাটগুলো নির্মিত হলেও মেরামত করা হয়নি।
এদিকে দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ৪০টি জলকপাট অকেজো হয়ে পড়ে রয়েছে। এ ছাড়া সচল জলকপাটগুলোও অধিকাংশ বন্ধ করে মাছ চাষ করা হচ্ছে। এতে খালে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় জলকপাট কৃষকের কাজে আসছে না।
সম্প্রতি রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে গিয়ে দেখা যায়, কোড়ালিয়া খালের আগুনমুখা নদী মুখের জলকপাটটি
অকেজো হয়ে পড়েছে। জোয়ারের সময় লোনাপানি ঢুকে পড়ছে।
ওই গ্রামের কৃষকেরা আমন আবাদে খালের পানি ব্যবহার করতে পারছেন না। কোড়ালিয়া গ্রামের কৃষক সোবাহান হাওলাদার বলেন, আমন আবাদের মৌসুম শুরু হয়েছে। এবার বৃষ্টি কম। প্রচুর পানির প্রয়োজন। কিন্তু লবণাক্ততার কারণে নদীর পানি ব্যবহার করতে পারছেন না। বৃষ্টি হলেও পানি ধরে রাখতে পারছেন না। মৌসুমের অর্ধেক সময় পার হলেও পুরো জমি আবাদ করতে পারেননি তিনি। এলাকার জলকপাট অকেজো হয়ে পড়ায় চাষাবাদে অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে।
উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ডাঙ্গার খালের জলকপাটটি সচল রয়েছে। তবে খালে অন্তত ২০টি বাঁধ দিয়ে স্থানীয় ব্যক্তিরা মাছ চাষ করছেন। এতে খালের পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। এখন সেই খালে পলি পড়ে ভরাট হয়ে যাচ্ছে। বৃষ্টির পানি খাল দিয়ে নামতে না পারায় পানি জমে খেত তলিয়ে রয়েছে। কারৈর পাড়ের কৃষক সলেমান ফকির বলেন, খেতে হাঁটুপানি জমে রয়েছে। পানি না সরলে আবাদ করা যাচ্ছে না। আমন আবাদ নিয়ে ভোগান্তিতে পড়েছেন তাঁরা।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙ্গাবালী উপজেলার ৬টি ইউনিয়নে ২৮ হাজার ২৩০ হেক্টরের বেশি জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জলকপাটগুলো অকার্যকর হয়ে পড়ায় অনেক এলাকায় আবাদ বিঘ্নিত হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহম্মেদ বলেন, উপজেলার অনেক জলকপাট অকেজো। মাঠ থেকে পানি বের করে দিতে পারছেন না কৃষক। এগুলো জরুরি সংস্কার বা মেরামত করা প্রয়োজন। এগুলো কার্যকর থাকলে লোনাপানি উঠবে না। জলাবদ্ধতার সৃষ্টি হবে না। সামগ্রিক জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে।