কিশোরগঞ্জে রিকশাচালককে পুড়িয়ে হত্যার দায়ে তরুণের মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জ সদর উপজেলায় পেট্রল ঢেলে এক রিকশাচালককে পুড়িয়ে হত্যার দায়ে শফিকুল ইসলাম (২৮) নামের এক তরুণকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া শফিকুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের আমাটি শিবপুর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। পলাতক থাকায় রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে নিহত রিকশাচালকের নাম শামীম (২২)। তিনি আমাটি শিবপুর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। হত্যা মামলার অন্য তিন আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আদালতে তাদের বিচারকাজ চলছে।
মামলার সংক্ষিপ্ত এজাহার থেকে জানা গেছে, ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর সারা দিন রিকশা চালিয়ে বাড়িতে ফিরছিলেন শামীম। পথে শফিকুল ইসলামসহ কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে তাঁর গতি রোধ করেন। আসামিরা শামীমের হাত, মুখ ও চোখ বেঁধে মারধর করেন। একপর্যায়ে শামীমের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরদিন রাত সোয়া দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পরদিন শামীমের চাচা মো. মানিক বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। ২০১৬ সালের ২৫ মার্চ সদর মডেল থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোরশেদ জামান আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আজ মামলার রায় ঘোষণা করেন আদালত।