বরগুনায় কিশোরীকে ধর্ষণের মামলায় বাবা গ্রেপ্তার

ধর্ষণপ্রতীকী ছবি: প্রথম আলো

বরগুনার পাথরঘাটা উপজেলায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে তাঁর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল সন্ধ্যায় ওই কিশোরীর মা পাথরঘাটা থানায় মামলা করেন। পরে কিশোরীও থানায় গিয়ে তার বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী (১৫) স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। গত জানুয়ারি মাসে নিজ বাড়িতে দুই দফায় বাবার মাধ্যমে ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর তাঁকে জন্মনিয়ন্ত্রণ ওষুধও সেবন করানো হয়।

স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, এর আগেও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশি এক নারীকে ধর্ষণের অভিযোগের কথা এলাকায় শোনা গিয়েছিল। পরে স্থানীয়ভাবে অর্থের বিনিময়ে বিষয়টির মীমাংসা করা হয়েছিল।

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর কথা আছে। পরবর্তী নির্দেশনার জন্য কিশোরীকেও আদালতে নেওয়া হবে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে আর দেরি করা হয়নি, দ্রুত মামলা নেওয়া হয়েছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সেভাবেই তদন্ত করা হচ্ছে।