হামলার ঘটনায় গ্রাম পুলিশের মামলা, বিদ্রোহী প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শুক্রবার সকালে রাজশাহী নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান
ছবি: প্রথম আলো

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের পোস্টার সাঁটাতে গিয়ে গ্রাম পুলিশকে মারধর ও গাড়ি চাপা দিয়ে একজনকে আহত করার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে মোহনপুর থানায় মামলা করেন ধুরইল ইউনিয়ন পরিষদের দফাদার আবদুল ওহাব। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ ১৯ জনকে আসামি করা হয়েছে। ওই সাত আসামি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামানের সমর্থক। এদিকে মামলা হওয়ার পর আজ শুক্রবার সংবাদ সম্মেলন করে আখতারুজ্জামান ওই হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন।

গ্রাম পুলিশের করা মামলার আসামিরা হলেন আখতারুজ্জামানের নির্বাচন কার্যক্রমের সমন্বয়কারী আবু রায়হান মাসুদ, বাগমারা উপজেলার বড়বিহানালী গ্রামের আবদুল মালেক নয়ন (৩৫), হড়গ্রাম এলাকার আবু সুফিয়ান (৩০), একই এলাকার আশিকুল ইসলাম (৪৫), গোলাম আযম (৫৩), উজ্জ্বল হোসেন (৩০), নগরের লক্ষ্মীপুর এলাকার মোহাম্মাদ আলী (৫৩)। এদিকে মামলার এজাহার বলা হয়েছে, গত সোমবার রাতে মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নে তিনটি মাইক্রোবাস নিয়ে আখতারুজ্জামানের সমর্থক আবু রায়হান ও তাঁর কয়েকজন সহযোগী মোটরসাইকেল প্রতীকের পোস্টার টানাতে যান। এ সময় তাঁরা দায়িত্বরত গ্রাম পুলিশকে ইউনিয়ন পরিষদের দরজা খুলতে বলেন। গ্রাম পুলিশ গভীর রাতে ইউনিয়ন পরিষদের দরজা খুলতে অপারগতা প্রকাশ করলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর একপর্যায়ে তাঁরা সেখান থেকে চলে আসেন। তবে ওই রাতেই আখতারুজ্জামানের সমর্থকেরা দলবদ্ধ হয়ে ইউনিয়ন পরিষদের দরজা ভেঙে গ্রাম পুলিশের ওপর হামলা চালান। ঘটনা জানতে পেরে গ্রামবাসী উত্তেজিত হয়ে সেখানে আসেন। সেখান থেকে পালানোর সময় আখতারুজ্জামানের লোকজনকে বহনকারী মাইক্রোবাস স্থানীয় ব্যক্তিকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে গ্রাম পুলিশের এক সদস্য মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে তাঁরা আইনগত ব্যবস্থা নেবেন।

আখতারুজ্জামানের সংবাদ সম্মেলন

আজ দুপুরে রাজশাহী নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে আখতারুজ্জামান বলেন, নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের পর থেকেই প্রার্থিতা প্রত্যাহারের জন্য তাঁকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। প্রতীক বরাদ্দের পর থেকে সেটা আরও প্রকট আকার ধারণ করছে। নির্বাচনী প্রচারে তিনিসহ তাঁর পক্ষের নেতা-কর্মীরা হুমকি, হামলা ও মামলার শিকার হচ্ছেন।

গ্রাম পুলিশের অভিযোগের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে আখতারুজ্জামান বলেন, এটা সত্য নয়। সেখানে পোস্টার টাঙাতে গেলে তাঁর নেতা–কর্মীদের আটকে রাখা হয়। ১০ মিনিটের মধ্যে সেখানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন উপস্থিত হয়ে চড়াও হন। সেখানে গ্রাম পুলিশকে মারধর করার কোনো ঘটনা ঘটেনি। গ্রাম পুলিশের হাতে লাঠি ছিল। গ্রাম পুলিশের হাতে সব সময় লাঠি থাকে না। ওনারা মিথ্যা মামলা করেছেন। তাঁরাও এ বিষয়ে মামলা করবেন। তাঁরা ইতিমধ্যে এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে আখতারুজ্জামান আরও বলেন, গত সোমবার রাতে মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য ও চেয়ারম্যানের উপস্থিতিতে তাঁদের নির্বাচনী প্রচার কাজে বাধা দেওয়া হয়। নেতা–কর্মীদের মেরে ইউনিয়ন পরিষদে আটক রাখা হয়। সংসদ সদস্য ও চেয়ারম্যান তাঁর সহযোগীদের নির্যাতন ও অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। এ সময় তাঁদের ব্যবহৃত দুটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এখন উল্টো তাঁর সমথর্কদের বিরুদ্ধে মামলা হয়েছে।

রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে আখতারুজ্জামান বলেন, আয়েন উদ্দিন নির্বাচনী আইনকে তোয়াক্কা না করে তাঁর প্রতিদ্বন্দ্বী¦প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোটারদের হুমকি ও প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। নির্বাচনে তাঁর পোস্টারগুলোও ছিঁড়ে ফেলা হচ্ছে। এ জন্য প্রার্থী হিসেবে তিনি নিরাপদ মনে করছেন না। তিনি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটারদের নিরাপত্তার জন্য রিটার্নিং কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য আয়েন উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আখতারুজ্জামানের সমর্থকদের গাড়ির নিচে চাপা পড়ে আওয়ামী লীগের এক কর্মী মারা গেছেন—এমন খবর পেয়ে তিনি ইউনিয়ন পরিষদ ভবনে গিয়েছিলেন। সেখানে গিয়ে জানতে পারেন, ওই কর্মী মারা যাননি। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় আখতারুজ্জামানের সমর্থকদের ওপর স্থানীয় লোকজন ভীষণ ক্ষুব্ধ ছিলেন। তাঁদের হাত থেকে বাঁচাতে তিনি আখতারুজ্জামানের সমর্থকদের ধাক্কা দেন। তিনি কাউকে মারধর করেননি।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ও বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান ছাড়াও আফজাল হোসেন ও আনোয়ার ইকবাল নামের আরও দুজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় গত ২৫ সেপ্টেম্বর রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আখতারুজ্জামানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ১৭ অক্টোবর রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হবে।