বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে আশুলিয়ায় তিন শ্রমিক নেতাকে আটক

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় একটি গলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শ্রমিকেরাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়ায় চলমান আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে তিন শ্রমিক নেতাকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা জেলা (উত্তর) পুলিশের গোয়েন্দা শাখা তাদের আটক করে।

এই তিনজন হলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. হালিম, বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম ও বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী।

আটক শ্রমিকদের মধ্যে মো. হালিমকে আশুলিয়ার বসুন্ধরা সোনিয়া মার্কেট এলাকা থেকে এবং অন্য দুজনকে জিরাবো এলাকা থেকে আটক করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, শ্রমিক আন্দোলনে উসকানি ও ধ্বংসাত্মক কাজে সহায়তার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে তিন শ্রমিক নেতাকে আটক করা হয়েছে। আজ বুধবার তাঁদের আশুলিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে তিন শ্রমিক নেতাকে আটকের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন। আটক শ্রমিক নেতাদের মুক্তির দাবি জানান তিনি।

খায়রুল মামুন প্রথম আলোকে বলেন, সংলাপের পথ বেছে না নিয়ে গ্রেপ্তার, হামলা, মামলা এগুলো আসলে কোনো সমাধানের পথ নয়; বরং এ ধরনের পদক্ষেপ শ্রমিকদের আরও উসকে দেবে। শ্রমিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির সমাধানের চেষ্টা করতে হবে।