গোয়ালন্দে সবজিখেতে পাতা কারেন্ট জালে আটকা পড়ছে পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারেন্ট জালে আটকা পড়েছে একটি পাখি। সম্প্রতি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরের নতুন পাড়া এলাকায়
ছবি: এম রাশেদুল হক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন সবজিখেত রক্ষায় পেতে রাখা কারেন্ট জালে আটকা পড়ে মারা যাচ্ছে বিভিন্ন ধরনের পাখি। পরিবেশবান্ধব এসব পাখি হত্যার বিষয়ে উদাসীন স্থানীয় কৃষকেরা। কারেন্ট জালে ঘুঘু, শালিক, ফিঙে, চড়ুই, বাবুই পাখি মারা পড়ছে। অথচ পাখি শিকার আইনত দণ্ডনীয় অপরাধ, যা কেউ তোয়াক্কা করছেন না।

উপজেলার নতুনপাড়ার কৃষক আবদুল বিশ্বাস বলেন, তাঁর দুই বিঘা জমির বেগুন বেশ ভালোই হয়েছিল। টিয়া, শালিক, ফিঙে, ঘুঘুসহ নানা ধরনের পাখি এসে খেয়ে নষ্ট করে ফেলে। উপায় না পেয়ে খেতের চারপাশে ওপর দিয়ে পুরোনো জাল পেতে রেখেছেন। এতে পাখিগুলো খাবার খেতে বাধা পেয়ে ফিরে যায়। অনেক সময় কিছু পাখি জালে আটকা পড়ে মারাও যায়। তবে পাখি আটকা পড়া দেখামাত্র ছাড়িয়ে দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকার কৃষিজমিতে নানা ধরনের সবজির আবাদ হয়েছে। বেগুন ও টমেটোর খেতে বিভিন্ন পাখির উপদ্রব থাকায় কৃষকেরা ফসল রক্ষায় নানা পদ্ধতি গ্রহণ করেছেন। খেতের মধ্যে খুঁটি পুঁতে বিভিন্ন রঙের ফিতা টানানো, খেতের মাঝখানে কাকতাড়ুয়া লাগানো ইত্যাদি। বেশির ভাগ এলাকায় কারেন্ট জাল দিয়ে ফসলের খেত ঢেকে দেওয়া। ফলে পোকা কিংবা সবজি খেতে আসা টিয়া, বক, শালিক, ঘুঘু, ফিঙে, চড়ুইসহ বিভিন্ন প্রজাতির পাখি জালে আটকা পড়ে মারা যাচ্ছে।

উপজেলার উজানচর নতুনপাড়ায় দেখা যায়, বেগুন ও টমেটোর খেতে খুঁটি পুঁতে চারপাশে এবং ওপর দিয়ে কারেন্ট জাল পাতা। সেখানে সাদা ফিতা ঝুলিয়ে রাখা হয়েছে। বাতাসে ফিতা কাঁপতে থাকলে ভন ভন শব্দে ভয়ে পাখি কম বসে।

স্থানীয় কৃষক ইউসুফ সরদার বলেন, তিনি অনেক ধারদেনা করে প্রায় চার বিঘা জমিতে বেগুনের আবাদ করেছেন। প্রতিটি বেগুন ২০০ থেকে ৬০০ গ্রাম পর্যন্ত ওজন হয়েছে। খেতে পাখি বসে বেগুন খাওয়ায় অনেক বেগুন নষ্ট হচ্ছে। এতে পাখির খাওয়া বেগুন আর বিক্রি করা যাচ্ছে না। বিভিন্নভাবে চেষ্টা করেও পাখি ঠেকানো যায়নি। বাধ্য হয়ে কারেন্ট জাল দিয়েছেন। তবে জালে পাখি আটকা পড়লেও তিনি ছেড়ে দেন।

কিছু সবজি পাখি ক্ষতি করলেও অনেক ফসলের জমিতে ক্ষতিকর পোকা খেয়ে উপকার করে বলে মন্তব্য করেন ছোটভাকলা ইউনিয়নের কুঠি পাচুরিয়ার কৃষক মজিবর সরদার। তিনি বলেন, পাখি মারা পড়ার মতো কারেন্ট জালপদ্ধতি ব্যবহার করা ঠিক নয়। বিকল্প হিসেবে জমির চারদিক ও মাঝে খুঁটি পুঁতে নানা রঙের পাতলা ফিতা টাঙিয়ে পাখির উপদ্রব থেকে সবজি রক্ষা করা যায়। বাতাসে এসব ফিতায় সৃষ্ট ভন ভন শব্দে পাখি ভয় পেয়ে খেতে তেমন একটা বসে না।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান বলেন, পাখি শিকার সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনগতভাবে অপরাধ। এ জন্য জেল-জরিমানা হতে পারে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্ব অনেক বেশি। তারা যতটুকু ফসলের ক্ষতি করে, ক্ষতিকারক পোকা খেয়ে তার চেয়ে বেশি উপকার করে। পাখি তাড়াতে কারেন্ট জালের মতো মৃত্যুফাঁদ পাতা উচিত নয়। এ জন্য কৃষকদের পরামর্শ ও সচেতন করতে কৃষি বিভাগ কাজ করছে।