চার মাস না পেরোতেই বাবাকে হারাল ছোট্ট জাফরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামীকে হারিয়ে অথৈ সাগরে পড়েছেন জামিউল আলীমের স্ত্রী রুপা খাতুন। তাঁর কোলে চার মাসের সন্তান জাফরান
ছবি: প্রথম আলো

জামিউল আলীম ওরফে জীবন (২২) নিজের নামের সঙ্গে মিল রেখে মেয়ের নাম রেখেছিলেন জাফরান জীবন। জন্মের চার মাস না পেরোতেই জাফরান তার বাবাকে হারিয়েছে। নাটোরের নলডাঙ্গায় মসজিদের মাইক চুরির সালিসকে কেন্দ্র করে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তাঁর সমর্থকদের পিটুনিতে আহত জামিউল গতকাল শুক্রবার মারা যান।

নিহত জামিউল আলীম নলডাঙ্গা উপজেলার রামশাকাজীপুর গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সহসাধারণ সম্পাদক ছিলেন। চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল দুপুরে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন

ময়নাতদন্ত শেষে গতকাল রাতে জামিউলের লাশ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। তাঁর বাড়িতে শত শত মানুষের ভিড় জমে। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা ফরহাদ শাহ ও মা জাহানারা বেগম শোকাহত। জামিউলের চাচা কলেজশিক্ষক এস এম ফিরোজ বলেন, জামিউল নলডাঙ্গা নজমুল হক সরকারি কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি আউটসোর্সিংয়ের কাজ করতেন। বছর দুয়েক আগে জামিউল স্নাতক প্রথম বর্ষের ছাত্রী রুপা খাতুনকে বিয়ে করেন। মাত্র চার মাস আগে তাঁদের কোলজুড়ে আসে প্রথম সন্তান।

গতকাল রাতে জামিউলের বাড়ি যান নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, ছাত্রলীগ নেতা জামিউল প্রতিবাদী তরুণ ছিলেন। তিনি প্রতিবেশী উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের অন্যায়ের প্রতিবাদ করতেন। সর্বশেষ তিনি আমতলি বাজারের মাইক চুরির কথিত সালিসের সমালোচনা করে ফেসবুক লাইভ করেছিলেন। পরে হামলায় জামিউল আহত হন।

আশপাশের গ্রামের মানুষ জামিউলকে একনজর দেখতে এসেছেন। আজ শনিবার সকালে রামশাকাজিপুর আমতলি গ্রামে
ছবি: প্রথম আলো

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার রাত সাড়ে আটটার দিকে আমতলী বাজারে আসাদুজ্জামান আসাদ ও তাঁর সমর্থকেরা জামিউলকে এলোপাতাড়ি পেটান।

এ ঘটনায় গত সোমবার রাতেই জামিউলের মা জাহানারা বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা করেন। মামলায় চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, তাঁর দুই ভাই ফয়সাল সাহ (৫৩) ও আলিম আল রাজি সাহকে আসামি করা হয়। এর মধ্যে পুলিশ আলিম আল রাজিকে গ্রেপ্তার করেছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, জামিউলের মৃত্যু হওয়ায় মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে। মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।