নাম মোহামেডান, খেলতেন ফুটবল, এখন চালান আর্জেন্টিনাময় চায়ের দোকান

নিজের দোকানে চা বানাচ্ছেন ইব্রাহীম হোসেন। স্থানীয় লোকজনের কাছে দোকানটি পরিচিত মোহামেডানের চায়ের দোকান হিসেবেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নব্বইয়ের দশকে যখন মো. ইব্রাহীম হোসেনের (৩০) জন্ম হয়, তখন দেশজুড়ে ফুটবলে মোহামেডান আবাহনীর উন্মাদনা। এ কারণে জন্মের পর ইব্রাহীমের এক মামা তাঁর নাম রেখে দেন মোহামেডান। এরপর থেকে মোহামেডান নামেই আশপাশের মানুষের কাছে পরিচিতি পান এই যুবক।

ইব্রাহীমের বাড়ি মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী গ্রামে। পেশায় চা বিক্রেতা হলেও ফুটবলের প্রতি তাঁর গভীর ভালোবাসা। নিয়মিত খেলেন স্থানীয় লীগগুলোতে। মাগুরা শহরের ইসলামপুর পাড়ায় একটি চায়ের দোকান আছে তাঁর। কাতারে চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সেই চায়ের দোকানটি আর্জেন্টিনার পতাকায় মুড়েছেন এই যুবক। প্রিয় দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে নিজের দোকানকে এভাবে সাজিয়েছেন তিনি।

গত মঙ্গলবার সন্ধ্যায় ইসলামপুর পাড়ায় চায়ের দোকানে কথা হয় ইব্রাহীম ও তাঁর বাবা লিয়াকত আলীর সঙ্গে। লিয়াকত আলী বলেন, দুই যুগের বেশি সময় ধরে ওই এলাকায় তাঁর চায়ের দোকান। দুই ছেলে ও তিন মেয়ের একজন ইব্রাহীম। তিন মেয়ের বিয়ে হয়েছে, এক ছেলে ইজিবাইক চালায়। আর ইব্রাহীম বাবার সঙ্গে থাকেন, চায়ের দোকান সামলান। পাশেই পূর্বাশা সিনেমা হল ও জেলা বিএনপির কার্যালয়। এ কারণে দিনের বেশির ভাগ সময় বিশেষ করে সন্ধ্যার পর ইব্রাহীমের চায়ের দোকান থাকে জমজমাট। ‘ডাবল হিটের’ (দুবার জাল করা) দুধ চা এখানে সবচেয়ে প্রচলিত। সন্ধ্যা হলে গরম চায়ে চুমুক দিতে এখানে ভিড় জমান শহরের বিভিন্ন প্রান্তের যুবকেরা।

ইব্রাহীম বলেন, তিনি নিজে ফুটবল খেলার পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত। এ কারণে দোকানের সামনে পতাকা টানানোর পাশাপাশি পুরো দোকান মুড়িয়েছেন আকাশি নীল রঙে। জ্বাল করা দুধ দিয়ে চা তৈরির পাশাপাশি নিজের গল্প বলেন ইব্রাহীম। এই যুবক বলেন, অল্প বয়সে বাবার সঙ্গে চায়ের দোকানে বসতে হয়েছে তাঁর। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ার পরে আর স্কুলে যাওয়ার সুযোগ হয়নি। তবে কাজের পাশাপাশি ফুটবল খেলেছেন নিয়মিত। মাগুরার লীগ গুলোতে পরিচিত মুখ মোহামেডান খেলেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে।

ইব্রাহীম বলেন, কয়েক বছর আগে ঢাকার টঙ্গীর একটি ক্লাবে তৃতীয় বিভাগে খেলেছিলেন। দ্বিতীয় বিভাগেও খেলার সুযোগ হয়েছিল। তবে আর্থিক অনটনসহ বিভিন্ন কারণে বেশি দূর যাওয়া হয়নি। ফিরে আসতে হয়েছে চায়ের দোকানে। টঙ্গীতে খেলার সময় একই দলে খেলতেন ইয়াসিন খান। সেই ইয়াসিন এখন জাতীয় দলের পাশাপাশি শেখ রাসেল ক্রীড়া চক্রের নিয়মিত খেলোয়াড়। কথা বলতে বলতে ইয়াসিনকে মুঠোফোনে এই প্রতিবেদকের সঙ্গে আলাপ করিয়ে দেন ইব্রাহীম। ফুটবলার ইয়াসিন তাঁর (ইব্রাহীম) সম্পর্কে বলেন, ‘ও খুব ভালো ছেলে। ভালো খেলত। আমাদের ভালো বন্ধুত্ব ছিল’।

ইব্রাহীম বলেন, ‘করোনা শুরুর পর থেকে ফুটবল খেলা কমে এসেছে। টুর্নামেন্ট কম হচ্ছে। এ ছাড়া বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দোকানে কাজের চাপ বেড়েছে। এসব কারণে দোকান বন্ধ রেখে আগের মতো ফুটবল খেলা সম্ভব হয় না। সামনে টুর্নামেন্ট হলে আবার খেলব। আর এখন যেহেতু বিশ্বকাপ চলছে এ কারণে দোকান এভাবে সাজিয়েছি।’

দীর্ঘদিন ধরে শহরের ইয়াং স্টার একাডেমিতে ফুটবল খেলেছেন ইব্রাহীম। এই ক্লাবের পরিচালক ক্রীড়া সংগঠক বারিক আনজাম বলেন, ‘ছোট বেলা থেকে ওকে (ইব্রাহীম) দেখছি। আমাদের পাড়াতেই ওদের চায়ের দোকান। ফুটবলের প্রতি ওর যে প্রেম এটা এখন খুব কম যুবকের মধ্যে দেখা যায়। অল্প বয়সে পরিবারের হাল ধরতে হয়েছে। না হলে হয়তো ও ফুটবলার হিসেবে অনেক দূরে যেতে পারত’।