প্রতিদিন হাজারবার আপনাদের গুপ্ত বলেই ডাকব: ছাত্রদল সাধারণ সম্পাদক

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। আজ বিকেলে নিউমার্কেট মোড়েছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। তিনি বলেন, ‘যদি শিবিরকে একবার গুপ্ত বলার কারণে চট্টগ্রাম সিটি কলেজে আপনারা একবার হামলা করেন, তাহলে আগামী কয়েক বছর ধরে বাংলাদেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন হাজারবার, প্রতিটি দেয়ালে, প্রতিটি লেখনীতে আমরা আপনাদের গুপ্ত বলেই ডাকব।’

আজ বুধবারব বিকেলে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে সমাবেশে এ কথা বলেন তিনি। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলটি নগরের পুরোনো রেলস্টেশন মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাছির উদ্দীন বলেন, ‘মতের ভিন্নতা থাকলে আপনারা একটি পাল্টা গ্রাফিতি অঙ্কন করতে পারতেন। কিন্তু আপনারা সেটি না করে একটি গ্রাফিতি লেখার কারণে যে সন্ত্রাসবাদকে উসকে দিয়েছেন, যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মীর ওপর হামলা করেছেন, তা থেকে বোঝা যায়—আপনারা শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে দিতে প্রস্তুত নন।’

সমাবেশে নাছির উদ্দীন বলেন, তারা নিজেরা হামলা করে ছাত্রদলের ওপর সেই হামলার অভিযোগ চাপিয়ে দিতে চায়। এটিকে সহজভাবে সাধারণ মানুষ বলে—আক্রমণকারী হয়েও তারা ভিকটিম কার্ড খেলতে চায়। এটি শিবিরের একটি চরিত্র। বর্তমানে এটি একটি দুশ্চরিত্রে পরিণত হয়েছে।

‘গুপ্ত’ রাজনীতি বন্ধের দাবি জানিয়ে নাছির উদ্দীন বলেন, ‘বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ভবিষ্যতে কোনো গুপ্ত রাজনীতি থাকতে পারবে না। রাজনীতি করতে হলে অবশ্যই আপনাকে প্রকাশ্যে দলীয় রাজনীতি করতে হবে। প্রতিটি ক্যাম্পাসে আমরা অতীতে জুলুমের শিকার হয়েছি। সে জন্য আমরা কোনো প্রতিহিংসায় বিশ্বাসী নই। কিন্তু কোনোভাবে ছাত্রদলের কোনো নেতা-কর্মীর ওপর যদি চট্টগ্রাম সিটি কলেজের মতো হামলা হয়, তাহলে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ছাত্রদল চুপচাপ বসে থাকবে না।’

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে এবং সদস্যসচিব শরিফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ নোমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন প্রমুখ।

এর আগে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সরকারি সিটি কলেজের দেয়ালের গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই দফায় সংঘর্ষ চলে। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা হাতে উভয় পক্ষের কর্মীদের দেখা গেছে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দুই পক্ষই দাবি করেছে।

আরও পড়ুন

কলেজ সূত্রে জানা গেছে, কলেজের দেয়ালের একটি গ্রাফিতিতে লেখা ছিল—‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’। গত সোমবার কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী গিয়ে ‘ছাত্র’ শব্দটি মুছে দেন। পরে সেখানে ‘গুপ্ত’ শব্দটি লিখে দেওয়া হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দুই সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। গতকাল সকাল থেকেই এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। দুপুর ১২টার দিকে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে পক্ষ দুটি। উভয় পক্ষই হামলার জন্য একে অপরকে দায়ী করছে।