তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে আহত পাথরশ্রমিক মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে পাথর তোলার সময় বিএসএফের গুলিতে আহত হন পাথরশ্রমিক পলাশ হোসেন। রোববার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়
ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নদীতে পাথর তোলার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে আহত পাথরশ্রমিক পলাশ হোসেন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পলাশের সঙ্গে থাকা তাঁর চাচা রফিকুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা বগুলাহাটি এলাকার করতোয়া নদীতে মেইন পিলারের (৭৩৯-এর ১ আর এবং ২ আর পিলারের মাঝামাঝি স্থান) কাছে পলাশ গুলিবিদ্ধ হন। তিনি উপজেলার বগুলাহাটি এলাকার আবদুর রহমানের ছেলে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক রাকিব উল হাসান প্রথম আলোকে বলেন, আজ বেলা তিনটায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাঁর পেটের বাঁ দিকের গোলাকার ক্ষত দিয়ে নাড়িভুঁড়ি বেরিয়ে গিয়েছিল। রক্তক্ষরণ হচ্ছিল। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়।

বিজিবি সূত্র জানায়, করতোয়া নদীর বাংলাদেশের অভ্যন্তরে পাথর তোলার সময় ভারতের ১৯৫ বিএসএফ ব্যাটালিয়নের গ্রিনগছ ক্যাম্পের সদস্যদের গুলিতে ওই পাথরশ্রমিক বিদ্ধ হন।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. যোবায়েদ হাসান প্রথম আলোকে বলেন, নদীতে পাথর উত্তোলনের সময় ভারতীয় বিএসএফের গুলিতে ওই শ্রমিক গুলিবিদ্ধ হয়েছিলেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন

নিহত শ্রমিকের পরিবার ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভজনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবির আলী প্রথম আলোকে বলেন, রোববার সকালে পলাশসহ ১০ থেকে ১২ শ্রমিক করতোয়া নদীতে পাথর তুলতে যান। দুপুরে ভারতের গ্রিনগছ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় পলাশের পেটে গুলি লাগে। অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। পরিবার অভিযোগ দিলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।