ছেলেকে নিয়ে মাদ্রাসায় এসেছিলেন, ফটকে দুর্বৃত্তের গুলিতে বাবা নিহত

গুলিপ্রতীকী ছবি

ঈদের ছুটির পর ছেলেকে মাদ্রাসায় দিতে গিয়েছিলেন বাবা। মাদ্রাসার ফটকে ছেলে প্রবেশ করার পরই বাবার ওপর গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।

পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনাটি ঘটে। নিহত আলী হোসেনের (৫৩) বাড়ি গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলী হোসেনের ছেলে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় পড়ে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছেলেকে নিয়ে তিনি মাদ্রাসায় আসেন। তখন মাদ্রাসার ফটকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে আলী হোসেন মারা যান।

এদিকে ওই মাদ্রাসার অদূরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে বিকেলে চারটার দিকে মনিরুল ইসলাম (২৪) নামের এক তরুণ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী। তাঁর বাড়ি সাঁথিয়া উপজেলার শিবরামপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব নামের এক তরুণের সঙ্গে কথা–কাটাকাটির জেরে মনিরুলকে ছুরিকাঘাত করা হয়। এ সময় আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে মনিরুলের মৃত্যু হয়।

পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার বলেন, খবর পেয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমকিভাবে জানা গেছে, গুলিতে নিহত আলী হোসেন চরমপন্থী দলের সদস্য ছিলেন। অভ্যন্তরীণ কোন্দলে তাঁকে হত্যা করা হতে পারে। অন্যদিকে নিহত মনিরুল ও অভিযুক্ত রাকিব একই এলাকার বাসিন্দা। ঘটনার পর রাকিবকে আটক করা হয়েছে। দুটি ঘটনাই গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।