গোপালগঞ্জে প্রবাসীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রবাসী আজিজুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।
এ মামলায় অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান (৩৮) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। মামলা থেকে খালাস পাওয়া দুজন হলেন নিহত আজিজুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম ও শ্বশুর মুকসুদপুর উপজেলার ভাজনদী গ্রামের আলী মিয়া। এ সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ভাজনদী গ্রামের আজিজুর রহমান কুয়েতে থাকতেন। এ সময় তাঁর স্ত্রী রাবেয়ার সঙ্গে হাবিবুর রহমানের সখ্য তৈরি হয়। এ ঘটনা জানাজানি হলে আজিজুর রহমান ২০০৭ সালে ৫ মার্চ বাংলাদেশে আসেন। হাবিবুর মার্চের ১৮ তারিখে আজিজুরকে তাঁর বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানার নওয়াপাড়া গ্রামে দাওয়াত খেতে যেতে বলেন। দাওয়াত খেতে আজিজুর বাড়ি থেকে রওনা হন। মুকসুদপুরের দিগনগর ইটের ভাটার কাছে পৌঁছালে তাঁকে গাড়ি থেকে নামিয়ে নেন হাবিবুর। তিনি আজিজুরকে একটি গম খেতে নিয়ে যান। পরে তাঁকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন।
পরে স্থানীয় লোকজন আজিজুরের লাশ পড়ে থাকতে দেখে পরিবারের লোকদের খবর দেন। নিহত ব্যক্তির বাবা সরাব আলী বাদী হয়ে ২০০৭ সালের ১৯ মার্চ তিনজনের নাম উল্লেখ করে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ শুনানির পর বিচারক এ রায় দেন। হাবিবুর বর্তমানে পলাতক। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মো. শহিদুজ্জামান খান।