মানিকগঞ্জে সদর ও পৌর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা
মানিকগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জেলার জ্যেষ্ঠ নেতাদের মতামতের ভিত্তিতে সদর উপজেলা আওয়ামী লীগের শীর্ষ দুই পদে পুরোনোদেরই রাখা হয়েছে। সভাপতি পদে আগের সভাপতি ইসরাফিল হোসেন ও সাধারণ সম্পাদক পদে আফছার উদ্দিন সরকারের নাম ঘোষণা করা হয়েছে। তবে পৌর কমিটি নতুন সভাপতি পেয়েছে। মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি পদে আরশেদ আলী এবং সাধারণ সম্পাদক পদে আগের কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।
আট বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হলো। আজ বুধবার বিকেলে মানিকগঞ্জ শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করে সদর উপজেলা ও পৌর শাখা আওয়ামী লীগ। সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভায় ইসরাফিল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওসার, আনোয়ার হোসেন ও শাহাবুদ্দিন ফরাজী; জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম প্রমুখ।
মির্জা আজম তাঁর বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ১৪ বছর ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘুমিয়েছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১০ ডিসেম্বরের পর থেকে খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালিত হবে। ১১ ডিসেম্বর তারেক রহমান দেশে এসে ক্ষমতায় বসবেন। এরপর আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঘুম ভেঙেছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী দল। প্রধানমন্ত্রী বিশ্বনেতা। তিনি হিমালয়ের মতো। হিমালয়কে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায় না।
আলোচনা পর্ব শেষে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এ সময় জেলা দলের জ্যেষ্ঠ নেতাদের মতামতের ভিত্তিতে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।