চুয়াডাঙ্গায় ব্যারাক থেকে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধারপ্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে সদর উপজেলার জাফরপুরে অবস্থিত চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) একটি ব্যারাকের ছয়তলা ভবন থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ওই বিজিবি সদস্যের নাম আজিজুর রহমান (৪০)। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নিত্যানন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি ৬ বিজিবিতে নায়েক পদে কর্মরত ছিলেন।

বিজিবি ও চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, আজিজুর রহমান সদর উপজেলার জাফরপুরে অবস্থিত চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের আবাসিক এলাকার ছয়তলা ভবনের একটি ব্যারাকে থাকতেন। ভবনটির পাঁচতলা পর্যন্ত বিজিবি সদস্যরা থাকলেও ছয়তলা ছিল ফাঁকা। শুক্রবার রাতের কোনো এক সময় সহকর্মীদের অগোচরে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। সকালে বিষয়টি জানাজানি হলে ৬ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ও পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এরপর সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, আজিজুর রহমান কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।