দেশের মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শুক্রবার জুমার নামাজের আগে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মহাসম্মেলনের দ্বিতীয় দিনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘একটি বিষয়ে আমরা একমত, যারা গণহত্যা চালিয়েছে, দীর্ঘ ১৬ বছর আলেম-ওলামাদের রক্ত নিয়েছে এবং মসজিদকে রক্তাক্ত করেছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনার নীতি থেকে দেশকে বের করে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও রাষ্ট্রের পূর্ববর্তী নীতিগুলোর পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। সংবিধানের প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার নীতিতে মহান আল্লাহর ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাসের বিষয়টি পুনরায় ধারণ করব।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ইসলামবিদ্বেষী শক্তির হাত থেকে মুক্ত হয়েছি। বিগত ১৬-১৭ বছরে প্রায় তিন হাজার মানুষ গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। আমিও তাঁদের একজন ছিলাম। মানুষ বিভিন্নভাবে অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে। আমরা সেই হারানো সম্মান পুনরুদ্ধার করতে চাই।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মের নাম বিক্রি করে যারা রাজনীতি করছে, তাদের কর্মকাণ্ডের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। তারা শুধু দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ইসলামের মূলনীতি অনুসরণ করেই রাষ্ট্র পরিচালনা ও রাজনীতি প্রতিষ্ঠার কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যায়, অবিচার, দুঃশাসন ও দুর্নীতির কারণে দেশের মানুষ দীর্ঘদিন ভোগান্তির শিকার হয়েছে। এমনকি খালেদা জিয়ার মতো একজন মানুষকেও বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং গণ–অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের আর এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না।
জুলাই গণ–অভ্যুত্থান ও জুলাই সনদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের মধ্য দিয়ে প্রণীত জুলাই সনদ বাস্তবায়নে তাঁদের প্রতিশ্রুতি রয়েছে। এর পাশাপাশি সংবিধানে ইসলামি মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে।
আন্দোলনকারীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা আন্দোলনের নামে আজকে বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদের উদ্দেশে বলতে চাই, সমালোচনা করুন। গঠনমূলক সমালোচনা হতে হবে। সরকারকে সহযোগিতা করতে পারেন, কিন্তু দেশের মানুষের বিরুদ্ধে সহযোগিতা করবেন না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চাই, এই দেশটাকে ঐক্যবদ্ধ রেখে অর্থনৈতিক উন্নয়ন করি, সমৃদ্ধি করি, রপ্তানি বৃদ্ধি করি, কর্মসংস্থান করি, সমস্ত জায়গায় আমরা বিদ্যুৎ উৎপাদন করি। আমরা সব মানুষকে নিয়ে ধীরে ধীরে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাব। এ দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে হবে। সমস্ত আলেম-ওলামা, কওমি লাইনের মাদ্রাসার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম প্রমুখ।