পাখির বাচ্চা ধরতে গিয়ে গাছের গর্তে আটকে গেল কিশোরের হাত, উদ্ধারে ফায়ার সার্ভিস

পাখির বাচ্চা ধরতে গিয়ে গাছের গর্তে আটকে যায় কিশোরের হাত। গতকাল শুক্রবারছবি: প্রথম আলো


নেত্রকোনার আটপাড়ায় একটি গাছের গর্ত থেকে পাখির বাচ্চা আনতে গিয়ে এক কিশোরের হাত আটকে যায়। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সোনাজুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই কিশোরের নাম জারিফ মিয়া (১১)। সে উপজেলার সোনাজুর গ্রামের সোহেল মিয়ার ছেলে।

স্থানীয় কয়েক বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে জারিফ গ্রামের একটি রেইনট্রিগাছে উঠে পাখির বাচ্চা ধরার চেষ্টা করছিল। একপর্যায়ে সে গাছের মগডালে উঠে গর্তে বাঁ হাত ঢোকায়। তখন তার হাতটি আটকে যায়। পরে সে নিজে এবং আশপাশের লোকজন বিভিন্নভাবে চেষ্টা করেও হাত বের করতে পারেননি। এ সময় কিশোরটি কান্না শুরু করে। কোনো উপায় না পেয়ে পরিবার ও স্থানীয় লোকজন আটপাড়া উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে উপজেলা ও জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ছয়টার দিকে জারিফকে নিরাপদে উদ্ধার করা হয়।

নেত্রকোনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহানুর রহমান বলেন, উদ্ধারের পর জারিফের শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।