যশোরে তৈরি হচ্ছে পুষ্টি চালের ‘কার্নেল’

সরকারের ভিডাব্লিউবি ও খাদ্যবন্ধব কর্মসূচির আওতায় যশোরের চারটি উপজেলার দরিদ্র মানুষের মধ্যে এই পুষ্টি চাল সরবরাহ করা হচ্ছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্নেল তৈরির জন্য সারা দেশে ছয়টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে একমাত্র এই প্রতিষ্ঠানেই এটি তৈরি হচ্ছে
ছবি: প্রথম আলো

যন্ত্রের সাহায্যে ছয়টি পুষ্টি উপাদানসমৃদ্ধ ফরটিফায়েড রাইস কার্নেল (চালের মতো দানা) তৈরি হচ্ছে যশোরে, যা সাধারণ চালের সঙ্গে মিশিয়ে তৈরি হচ্ছে পুষ্টি চাল। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ও ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কার্ডের মাধ্যমে দরিদ্র মানুষের পুষ্টির অভাব পূরণে এই চাল বিতরণ করা হচ্ছে।

যশোর বিসিক শিল্পনগরীতে জাহান ফুড অ্যান্ড অ্যাগ্রো নামের একটি প্রতিষ্ঠানে এই কার্নেল তৈরি করা হচ্ছে। দেশে এ ধরনের ছয়টি প্রতিষ্ঠান রয়েছে। তার একটি যশোরে গড়ে তোলা হয়েছে। চলতি নভেম্বর মাসের শুরুতে বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় ঢাকার একটি অভিজাত হোটেলে এই প্রতিষ্ঠানের উৎপাদিত কার্নেলের যাত্রা শুরু হয়।

সম্প্রতি কারখানায় গিয়ে দেখা গেছে, বাজারের সাধারণ চাল যন্ত্রের মাধ্যমে প্রথমে গুঁড়া বানানো হয়। এরপর বিদেশ থেকে আমদানি করা ভিটামিন এ, বি–১, বি–১২, আয়রন, ফলিক অ্যাসিড (বি–৯) ও জিংক—এই ছয়টি পুষ্টিকনা আরেকটি যন্ত্রের মাধ্যমে ওই গুঁড়ার সঙ্গে মেশানো হয়। এবার বিশুদ্ধ পানি ব্যবহার করে আরেকটি যন্ত্রের সাহায্যে চালের মতো দানা তৈরি হয়। ওই দানা নির্দিষ্ট তাপমাত্রায় শুষ্ক করে ২৫ কেজির বস্তায় প্যাকেটজাত করে সাজিয়ে রাখা হচ্ছে।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তানভীরুল ইসলাম বলেন, ‘এই কার্নেল বা চালের মত দানা সরাসরি রান্না করে খাওয়া যায় না। সাধারণ চালের সঙ্গে নির্দিষ্ট মাত্রায় মিশিয়ে রান্না করে ভাতের মতো খেতে হয়। যেটা পুষ্টি চাল নামে বাজারে পাওয়া যাচ্ছে। সাধারণ চালের তুলনায় এই চালের দাম তিন থেকে চার টাকা বেশি। এতে ভাতের স্বাদের কোনো পরিবর্তন হয় না। পুষ্টিসমৃদ্ধ খাবার মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমার মা জাহানারা বেগমের একান্ত ইচ্ছা রয়েছে। তাই আমার মাকেই চেয়ারম্যান করে দুই কোটি টাকা বিনিয়োগে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।’ 

কার্নেল তৈরির জন্য সারা দেশে ছয়টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে একমাত্র এই প্রতিষ্ঠানেই এটি তৈরি হচ্ছে
ছবি: প্রথম আলো

তানভীরুল ইসলাম জানান, কার্নেল তৈরির জন্য সারা দেশে ছয়টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে একমাত্র এই প্রতিষ্ঠানেই এটি তৈরি হচ্ছে। আরেকটি কারখানা ছিল। কিন্তু সেটি সম্প্রতি বন্ধ হয়ে গেছে। শুরুর ১৫ দিনে প্রায় ৫০০ মেট্রিক টন কার্নেল খাদ্য অধিদপ্তর ও বিশ্ব খাদ্য কর্মসূচিতে সরবরাহ করা হয়েছে। এ ছাড়া খাদ্য অধিদপ্তর এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে মাসে ৫০০ মেট্রিক টন করে কার্নেল মিশ্রিত পুষ্টি চাল সরবরাহের জন্য ২ বছরের চুক্তি হয়েছে। প্রথম চালানে ৫০০ মেট্রিক টন সরবরাহ করা হয়েছে। 

খাদ্য কর্মকর্তা ও উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের কাছে থেকে জানা গেছে, ছয়টি পুষ্টিকণা মিশ্রিত এই পুষ্টি চাল নিয়মিত খাওয়া হলে রোগ সংক্রমণ ও অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুদের দ্রুত বৃদ্ধিতে সহায়ক হয়; গর্ভস্থ শিশুর জন্মবিকৃতি কমে, কম বয়সী শিশুর মূত্রনালি সুগঠিত হয়; শরীরে লোহিত রক্তকণিকা গঠন ও রক্তস্বল্পতা দূর করে খাদ্য পরিপাকে সহায়তা করে। প্রতি ১০০ কেজি চালে ১ কেজি হারে কার্নেল মেশাতে হয়। এটা মেশিনে অটোমেটিক গড় করে দেয়। এ চালের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণ হয় কিন্তু এই চালের ভাত স্বাদে কোনো পরিবর্তন হয় না। 

যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের ভিডাব্লিউবি ও খাদ্যবন্ধব কর্মসূচির আওতায় যশোরের চারটি উপজেলার দরিদ্র মানুষের মধ্যে এই পুষ্টি চাল সরবরাহ করা হচ্ছে। সাধারণ চালের সঙ্গে কার্নেল মিশিয়ে এই চাল সরবরাহ করা হয়। বর্তমানে যশোর সদর, চৌগাছা, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলায় এই চাল সরবরাহ করা হচ্ছে। 

জানতে চাইলে যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুন্ডু প্রথম আলোকে বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচির পক্ষ থেকে বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস পর্যবেক্ষণ করে দেখা গেছে, এ দেশের মানুষের শরীরে ভিটামিন এ, বি–১, বি–১২, আয়রন, জিংক ও ফলিক অ্যাসিড—এই ছয়টি পুষ্টি উপাদানের ঘাটতি রয়েছে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ঘাটতি বেশি। ফলে তাদের মধ্যে রোগ প্রতিরোধক্ষমতা কমে রোগবালাই বেশি দেখা দিচ্ছে। মানুষের শরীরে এই ছয়টি পুষ্টিকণার ঘাটতি পূরণের ভাবনা থেকেই কার্নেল তৈরির প্রক্রিয়া শুরু হয়। সেই ধারাবাহিকতায় ব্যক্তি উদ্যোগে যশোরেও একটি শিল্পকারখানা স্থাপন করা হয়েছে। যেটি খুবই আশাব্যঞ্জক।