বাড়িজুড়ে পোড়া পেঁয়াজের গন্ধ, অগ্নিকাণ্ডে সব শেষ কৃষকের

আগুনে পুড়ে যাওয়া চাতালে থাকা পেঁয়াজ। শুক্রবার সকালে রাজশাহীর বাগমারার রাজারামপুর গ্রামেছবি: প্রথম আলো

রাজশাহীর বাগমারায় আগুনে এক কৃষকের বাড়িঘর সব পুড়ে গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার ঝিকড়া ইউনিয়নের রাজারামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ১০ থেকে ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ওই কৃষক পরিবারের।

ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, আজ সকাল সাড়ে সাতটায় রাজারামপুর গ্রামের কৃষক শাহাদুল হোসেনের বাড়িতে আগুন ধরে যায়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন প্রথম দেখা যায় ঘরের চালায়। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা চালান। কিন্তু কিছুতেই আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না।

আগুনে পুড়ে যাওয়া কৃষক শাহাদুলের বাড়ি
ছবি: প্রথম আলো

পরে খবর দেওয়া হয় বাগমারা ফায়ার স্টেশনে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুনে নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ততক্ষণে বাড়িতে থাকা ৪৫ মণ পেঁয়াজ, ঘরের যাবতীয় আসবাব ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া একটি গরুর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

সরেজমিন দেখা যায়, তিন কক্ষের ঘরের সবকিছু পুড়ে গেছে। ঘরের চাতাল থেকে পেঁয়াজের পোড়া গন্ধ ছড়িয়ে পড়েছে। শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়া গরুটির যত্ন চলছে। কৃষক শাহাদুল কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার আর কিচু থাকল না, বউ–বাচ্চা লিইয়্যা একন কুনটে যাবো।’

স্থানীয় বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান জানান, শাহাদুল গরিব কৃষক। আগুন তাঁকে নিঃস্ব করে দিল। প্রশাসনের উচিত তাঁর পাশে দাঁড়ানো।

বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে মনে করছেন স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।