পাবনায় নতুন ট্রেনের যাত্রা শুরু আজ, স্টেশনে উৎসবের আমেজ
আজ শনিবার সকাল সাড়ে সাতটা। বৃষ্টি হচ্ছিল। স্ত্রী ও মেয়েকে নিয়ে পাবনা রেলস্টেশনে এলেন জেলা শহরের রাধানগর মহল্লার রাজিউর রহমান। গন্তব্য ঢাকা। বাস ছেড়ে সাতসকালে ট্রেন কেন, জানতে চাইলে বললেন, ‘ট্রেন স্বাচ্ছন্দ্যের বাহন। বহু বছর ধরে আমরা পাবনার মানুষ এই ট্রেনের অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত আশা পূরণ হইছে। তাই বউ-বাচ্চা নিয়ে ট্রেনেই ঢাকা যাব ঠিক করছি, টিকিটও কাটছি।’
স্ত্রী ও মেয়েকে নিয়ে ছেলেকে ট্রেনে তুলে দিতে এসেছিলেন পৈলানপুর মহল্লার কৃষিবিদ জাফর সাদিক। তিনি বললেন, ‘আমার ছেলে তো বড় হয়েছে, একাই যেতে পারত। তবে ট্রেনটি প্রতীক্ষিত। তাই একনজর দেখাও হলো, ছেলেকে ট্রেনে তুলে দেওয়াও হলো।’
পাবনাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিকেলে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু হয়েছে। উদ্বোধনী দিনে বিকেল সাড়ে পাঁচটার দিকে ৫৫২ যাত্রী নিয়ে পাবনা স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। সেদিন ট্রেন দেখতে স্টেশনে ভিড় জমান হাজারো মানুষ। আজ সকাল থেকে শুরু হলো ট্রেনটির বাণিজ্যিক যাত্রা।
এখন থেকে প্রতিদিন সকাল ৮টায় ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ নামে ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। আর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে একই ট্রেন ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছাড়বে বেলা ৩টা ২৫ মিনিটে।
স্টেশনে এখন প্রতিদিনই ভিড়। কেউ ট্রেনের সঙ্গে ছবি তুলছেন, কেউ ছুঁয়ে দেখছেন। নতুন ট্রেনের যাত্রী হতে ঢাকা থেকেও অনেকে আসছেন পাবনায়। তাঁদের একজন পাবনা জিলা স্কুলের ৯১ ব্যাচের শিক্ষার্থী জাকির হোসাইন। প্রথম আলোকে তিনি বলেন, ‘এই ট্রেনের জন্য পাবনাবাসী কত মানববন্ধন, আন্দোলন ও সংগ্রাম করেছে। আমরা তাতে অংশ নিয়েছি। সেই আন্দোলন-সংগ্রামের ফল পেতে যাচ্ছি। তাই ইতিহাসের সাক্ষী হতে ঢাকা থেকে পাবনা এসেছি। নতুন ট্রেনে ঢাকা ফিরব।’
এখন থেকে প্রতিদিন সকাল ৮টায় ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ নামে ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। আর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে একই ট্রেন ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছাড়বে বেলা ৩টা ২৫ মিনিটে।
প্রথম যাত্রায় ভাইকে বিদায় জানাতে এসেছিলেন শ্রেয়া শারমিন। বললেন, ‘এটা নতুন অনুভূতি, নতুন প্রাপ্তি। শুধু ভাইকে তুলে দেওয়া নয়, নতুন ট্রেনটি দেখতেই সকালে স্টেশনে এসছি। বেশ ভালো লাগছে।’
পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার রাশিদা আক্তার তাড়াহুড়া করে ট্রেনে উঠছিলেন। ট্রেনে উঠে বললেন, ‘ট্রেন হচ্ছেগা সুবিধা। আমরা এই ট্রেনটারই অপেক্ষায় ছিলেম। শেষ পর্যন্ত পালেম। মনে হলো, ঢাকাত ইকটু বুনির (বোনের) বাড়ি ঘুরে আসি। তাই যাচ্ছি।’
উদ্বোধনী যাত্রার যাত্রী ছিলেন শহরের কাচারিপাড়া মহল্লার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মির্জা আজাদ। তিনি বলেন, ‘পাবনা-ঢাকা সরাসরি ট্রেন আমাদের বাবাদের স্বপ্ন ছিল। এত দিনে সেই স্বপ্নের বাস্তবায়ন হলো। আমরা এতেই খুশি।’
পাবনা স্টেশনের প্রধান স্টেশন কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ট্রেনটিতে আসন ১ হাজার ২০০টি। প্রথম দিনে (শনিবার) অনলাইনে পাবনা থেকে ৮৫২টি আসন বুকিং হয়েছে, কাউন্টার থেকে বিক্রি হয়েছে ১৯টি। তাঁর ভাষ্য, এতেই বোঝা যায় ট্রেনটির চাহিদা আছে।
ভাড়ার তালিকা অনুযায়ী, ট্রেনটি পাবনা থেকে ছেড়ে ঈশ্বরদী জংশন, চাটমোহর, বড়াল ব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর হয়ে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে। বিকেলে কমলাপুর থেকে ছেড়ে একইভাবে পাবনায় আসবে। পাবনা থেকে ঢাকা পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ৪২৫ টাকা, প্রথম সিট ৫৬৫ টাকা, স্নিগ্ধা ৭১০ টাকা ও এসি সিট ৮৫০ টাকা। ঢাকা থেকে পাবনার ভাড়াও একই।
ট্রেনটি পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল উল্লেখ করে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এ বি এম ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এই ট্রেন শুধু যাত্রীসেবাই নয়, জেলার ব্যবসা-বাণিজ্যেও ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।’
প্রসঙ্গত, স্বাধীনতার পর ১৯৭৪ সালে ঈশ্বরদী থেকে বেড়া উপজেলার ঢালারচর পর্যন্ত রেলপথ নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও বাস্তবায়নে কয়েক দশক পেরিয়ে যায়। অবশেষে ২০১০ সালে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে ঈশ্বরদীর মাঝগ্রাম থেকে ঢালারচর পর্যন্ত ৭৮ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়। ২০২০ সাল থেকে এ পথে ঢালারচর থেকে রাজশাহী পর্যন্ত শুধু ‘ঢালারচর এক্সপ্রেস’ চলত।
পাবনাবাসীর দাবির মুখে ২০২৩ সালের ১৬ মে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দায়িত্ব নেওয়ার পর পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিন মাসের মধ্যে পাবনা-ঢাকা ট্রেন চালুর ঘোষণা দেন। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। সর্বশেষ এ বছরের ২০ জুন রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম পাবনা সার্কিট হাউসে আগস্ট মাসে ট্রেন চালুর ঘোষণা দেন। শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তব হলো।