মন্ত্রী হয়েছেন কুমিল্লার জাকারিয়া তাহের, এলাকায় আনন্দ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের জাকারিয়া তাহের (সুমন)। তিনি এবার মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। তাঁর মন্ত্রী হওয়ার খবরে কুমিল্লা শহর ও নির্বাচনী এলাকা বরুড়ায় আনন্দের বন্যা বইছে।
আজ মঙ্গলবার দুপুরে জাকারিয়া তাহের প্রথম আলোকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি নতুন দায়িত্বপালনে সবার দোয়া ও সহযোগিতা চান।
জাকারিয়া তাহের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক। এর আগে ২০০৪ সালের ডিসেম্বরে উপনির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। জাকারিয়া তাহেরের ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন।
জাকারিয়া তাহের বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের বাসিন্দা। তাঁর বাবা প্রয়াত এ কে এম আবু তাহের একই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন। ২০০৪ সালে বাবার মৃত্যুর পর স্থানীয় রাজনীতির হাল ধরে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জাকারিয়া তাহের (সুমন)। যুক্তরাষ্ট্র থেকে ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস ম্যানেজমেন্ট সম্পন্ন করা জাকারিয়া তাহের ১৯৬৫ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি।
স্থানীয় লোকজন বলেন, জাকারিয়া তাহের ও তাঁর পরিবারের সদস্যরা সব সময় বরুড়ার মানুষের কল্যাণে কাজ করে গেছেন। এ জন্য নির্বাচনী এলাকায় দলমত–নির্বিশেষ তিনি জনপ্রিয়, যার প্রমাণ এবারের নির্বাচনেও বরুড়ার মানুষ দেখিয়েছেন। এসব কারণে জাকারিয়া তাহের মন্ত্রী হওয়ায় এলাকার মানুষ আনন্দিত ও উচ্ছ্বসিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ব্যবধানে বিজয়ী হয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট। ভোটের ব্যবধান ১ লাখ ২৪ হাজার ৮৭টি। কুমিল্লা-৮ আসনে মোট ভোটারসংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৮৩৩। এর মধ্যে ২ লাখ ২৬ হাজার ৮০৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন; যা প্রদত্ত ভোটের ৫৯ দশমিক ৫৬ শতাংশ।
হলফনামার তথ্য অনুযায়ী, জাকারিয়া তাহেরের স্থাবর ও অস্থাবর মিলিয়ে বর্তমানে সম্পদের পরিমাণ ২৩১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৭১ টাকার। অন্যদিকে তাঁর স্ত্রী নাজনীন আহমেদের স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পদের পরিমাণ ৬০ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৫৬০ টাকার।