যমুনায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, ৭ ঘণ্টা পর লাশ উদ্ধার
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার প্রায় সাত ঘণ্টা পর তাদের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর এলাকায় নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃত দুই শিশু হলো পিংনা ইউনিয়নের রাধানগর এলাকার শামীম হোসেনের ছেলে উসমান গণি (৮) এবং একই এলাকার ফিরোজ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৭)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে রাধানগর এলাকায় ওই দুই শিশুসহ কয়েকজন যমুনা নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে নদীর তীব্র স্রোতে উসমান ও ইসমাইল তলিয়ে যেতে থাকে। তাদের সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালান। তবে তারা দুজন স্রোতে ভেসে তলিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল। পরে প্রায় সাত ঘণ্টা অভিযান চালিয়ে রাত আটটার দিকে রাধানগর এলাকায় যমুনা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার শহীদুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দল ঘটনাস্থলে পৌঁছায়। এর পর থেকে তাদের উদ্ধারে অভিযান চালায়। পরে অভিযানের সাত ঘণ্টার মাথায় নদী থেকে তাদের দুজনের লাশ উদ্ধার করা হয়। রাতেই পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।’