কয়লার উচ্চমূল্যে বিপাকে ইটভাটার মালিকেরা

কয়লার দাম বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি ও আমদানি দুই-ই কমতে থাকে। মূলত বিক্রিতে ধস নামায় মৌসুমের ব্যস্ততার বিপরীতে ঘাটে এখন নীরবতা বিরাজ করছে। 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

গতকাল শুক্রবার বেলা সোয়া ১১টা। কিশোরগঞ্জের ভৈরব কয়লা মোকাম। ঘাটে শতাধিক খালি ট্রাক দাঁড়িয়ে। চালকেরা জোটবদ্ধ হয়ে সময় পার করছিলেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, ১০ দিনের ব্যবধানে টনপ্রতি কয়লার দাম বেড়েছে ছয় থেকে সাত হাজার টাকা। দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা কয়লা এখন টনপ্রতি ৩০ হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে। ইন্দোনেশিয়ার কয়লার বাজার দর ২৮ হাজার টাকার নিচে নয়। অথচ মৌসুমে বিক্রি শুরু হয়েছিল সর্বোচ্চ ২৩ হাজার টাকায়।

কয়লার দাম বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি ও আমদানি দুই-ই কমতে থাকে। মূলত বিক্রিতে ধস নামায় মৌসুমের ব্যস্ততার বিপরীতে ঘাটে এখন নীরবতা বিরাজ করছে। কর্মহীন হয়ে পড়েছেন কয়েক হাজার কয়লা ও পরিবহনশ্রমিক। এ অবস্থায় ইটভাটার মালিকেরা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন। 

ভৈরব ইটভাটা মালিক সমিতির সভাপতি জয়নাল মিয়া বলেন, লাফিয়ে লাফিয়ে কয়লার দাম বাড়ায় তাঁর মধ্যে দুশ্চিন্তা পেয়ে বসেছে। করণীয় নির্ধারণে মালিকদের নিয়ে এরই মধ্যে একাধিক সভায় মিলিত হয়েছেন। কিন্তু কী করা উচিত উপায় বের করতে পারেননি। এত দাম দিয়ে কয়লা কিনলে প্রতি ইট ১৩ টাকা করে বিক্রি করলেও লাভের দেখা মিলবে না। ফলে এখনও অনেক ভাটায় আগুন জ্বলেনি। 

কয়েকজন ব্যবসায়ী বলেন, কয়লার ভৈরব মোকামের পরিচিত দেশজুড়ে। দেড় যুগ আগে ভারতের মেঘালয় রাজ্য থেকে আসা কয়লার ওপর ভর করে এই মোকামের বিস্তৃতি। ২০১৪ সালে ভারত সরকার কয়লা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এর পর থেকে আমদানির নিয়ন্ত্রণ স্থানীয় ব্যবসায়ীদের হাতছাড়া হয়ে যায়। এই ব্যবসায় যুক্ত হতে থাকে দেশের নামকরা শিল্পগ্রুপগুলো। বর্তমানে বসুন্ধরা গ্রুপ, ফখরুউদ্দিন গ্রুপ, মোশারফ ব্রাদার্স, জিএমএস গ্রুপ, সরকার ও সাহারা গ্রুপসহ আরও কয়েকটি শিল্পগ্রুপ দক্ষিণ আফ্রিক ও ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করছে। ভৈরব ঘাটের নিয়ন্ত্রণ ওই আমদানিকারকদের হাতে। এই মোকাম থেকে সারা দেশে কয়লা যায়। এবার মৌসুম শুরু হয় নভেম্বরের শুরু থেকে। মোশারফ ব্রাদার্সের একটি জাহাজ এক হাজার টন কয়লা নিয়ে ৫ নভেম্বর প্রথম ঘাটে নোঙ্গর করে। সাধারণত মৌসুমে প্রতিদিন ২০ টন ধারণ ক্ষমতাসম্পন্ন ১৫০ থেকে ২০০ ট্রাক ঘাট থেকে কয়লা নিয়ে দেশের বিভিন্ন গন্তব্যে আসা–যাওয়া করে। দিনে অন্তত পাঁচ হাজার শ্রমিক কয়লা লোড–আনলোডের সঙ্গে যুক্ত থাকেন। এবার চিত্র উল্টো। 

গতকাল ঘাটে গিয়ে দেখা যায়, খালি ট্রাকের লম্বা সারি। জাহাজ মাত্র তিনটি। এরমধ্যে দুটি থেকে কয়লা নামানো হচ্ছে। সংশ্লিষ্ট লোকজন কম। অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয়ে তালাবদ্ধ। 

ভৈরব কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি মির্জা সাজ্জাদ বলেন, মোকামের এমন নীরবতা তাঁকে ভাবিয়ে তুলেছে। দামের এমন ঊর্ধ্বগতির জন্য তিনি আমদানিকারকদের দায়ী করছেন। 

মির্জা সাজ্জাদ বলেন, আমার সমিতির সদস্যভুক্ত ব্যবসায়ী সংখ্যা ১২০। অনেকের পুঁজি কম, তাঁরা কোনোরকমে টিকে আছেন। আমদানিকারকেরা পাঁচ বছরের ব্যবধানে দাম বাড়িয়েছেন দ্বিগুণ। 

ঘাটের এক কোণে বসে অসল সময় পার করছিলেন ট্রাকচালক বাবুল মিয়া, লিটন মিয়া, মো. রুমান, আজিজুর রহমান ও শাহিন মিয়া। কয়লা পরিস্থিতি নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা হয়। তাঁদের মধ্যে বাবুল মিয়া বলেন, আগে দুই লাখ টাকা হলে কয়লায় ট্রাক ভরত। এখন তিন লাখেও ভরে না। এত টাকা দিয়ে কয়লা নিতে ভাটামালিকেরা সাহস করছেন না। ফলে অর্ডার নেই। কাজ নেই। 

মূল্যবৃদ্ধির কারণ জানতে কথা হয় আমদানিকারক প্রতিষ্ঠানের কয়েকজন ব্যবস্থাপকের সঙ্গে। তবে অনেকেই সব প্রশ্নের উত্তর এড়িয়ে যান। 

ফখরুউদ্দিন গ্রুপের ব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, ‘মূল্য কেন বাড়ছে এর উত্তর আমার জানা নেই। ওপর থেকে আমাদের যত দামে বিক্রি করতে বলেন, আমরা কেবল ওই দামে বিক্রি করছি।’

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানালেন, মূলত ডলারের দাম বৃদ্ধি পাওয়ার প্রভাব কয়লার বাজারেও পড়েছে। কয়লা আমদানি হয় কয়েকটি প্রতিষ্ঠানের অধীনে। আর সুযোগটি কাজে লাগিয়ে আমদানিকারকেরা শক্তিশালী সিন্ডিকেট তৈরি করেছে আর নিজেদেও মতো করে দাম বাড়িয়ে চলেছে।