নগরকান্দায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী স্কুলছাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের ধাক্কায় বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ফরিদপুর-ভাঙ্গা রেলপথের উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসাগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মিম আক্তার (৭)। সে ডাঙ্গী ইউনিয়নের বাসাগাড়ি গ্রামের উজ্জ্বল শিকদারের মেয়ে ও স্থানীয় শ্রীঙাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। মিম আক্তার বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিম নিজ বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পাশ দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিল। এ সময় ভাঙ্গা থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের সিঁড়িতে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়।

মিমের বাবা উজ্জ্বল শিকদার বলেন, তাঁর মেয়ে বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী ছিল। ট্রেনের হর্ন শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তিনি।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ঘটনাটি রেল পুলিশের আওতাধীন।

রাজবাড়ী রেলওয়ে পুলিশের ওসি মাসুদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।