স্কুল থেকে ফেরার পথে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণবিরোধী প্ল্যাকার্ড
প্রথম আলো ফাইল ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছয় বছরের এক শিশুকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে শিশুটির মা বাদী হয়ে সুবর্ণচরের চরজব্বর থানায় মামলা করেছেন।

পুলিশ জানিয়েছে, মামলায় একই উপজেলার মো. বেলাল উদ্দিনকে (৩০) আসামি করা হয়েছে। মামলার পর রাতেই বেলালকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আজ রোববার নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

এর আগে গত ১৬ ও ১৯ জুলাই পৃথক ঘটনায় দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছিল। ওই দুই মামলায় পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করলেও অপর আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল দুপুর ১২টার দিকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ুয়া ওই শিশু বিদ্যালয় ছুটির পর আরও দুই সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল। এ সময় বেলাল শিশুটির সঙ্গে থাকা দুই সহপাঠীকে বাড়িতে পাঠিয়ে দেন। পরে ওই শিশুকে আচার কিনে দেন এবং কৌশলে পাশের একটি মাছের খামারে নিয়ে ধর্ষণ করেন।

নির্যাতনের শিকার শিশুটি বাড়িতে গিয়ে মাকে ঘটনা জানালে তিনি গতকাল রাতে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত বেলালকে গ্রেপ্তার করে পুলিশ।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস প্রথম আলোকে বলেন, শিশুর মা অভিযোগ করার পর পরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে।