বাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবর
সৌদি আরবপ্রবাসী আশরাফ উদ্দিন (২৬) গত মঙ্গলবার রাতে ফোন করেছিলেন বাবা মফিজ উদ্দিনকে। বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও।’ ছেলের সঙ্গে সেটিই ছিল বাবার শেষ কথা। দুদিন পর গতকাল শুক্রবার দুপুরে এল ছেলের মৃত্যুর খবর।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আশরাফ উদ্দিন। তাঁর মৃত্যুর খবর প্রথমে বড় ভাইয়ের কাছ থেকে জানতে পারেন চাচা মীর হোসাইন। আশরাফের বড় ভাই মাঈন উদ্দিনও সৌদি আরবে থাকেন।
একই দুর্ঘটনায় নিহত হয়েছেন আশরাফের সহকর্মী ও ফ্রিজার ভ্যানের চালক কামরুল হাসান। তাঁর বাড়ি নোয়াখালী জেলায়। গতকাল শুক্রবার সৌদি আরবের স্থানীয় সময় সকাল সাতটার দিকে দেশটির আভা অঞ্চলের একটি পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফের চাচা মীর হোসাইন বলেন, মাছ নিয়ে আভা অঞ্চল থেকে জিজানের দিকে যাচ্ছিলেন আশরাফ ও কামরুল। পথে পাহাড়ি সড়কে তাঁদের ফ্রিজার ভ্যানটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই চালক কামরুল ও তাঁর পাশে বসে থাকা আশরাফের মৃত্যু হয়।
মীর হোসাইন আরও বলেন, দুই মাস আগে ছুটি শেষে সৌদি আরবে ফিরে যান আশরাফ। এক সপ্তাহ আগে তাঁর সঙ্গে শেষ কথা হয়েছিল। দুই দিন আগেও বাবাকে ফোন করে ভালো থাকার কথা জানিয়েছিলেন। এখন তাঁর মৃত্যুর খবর শুনতে হলো। এই শোক মেনে নেওয়া পরিবারের জন্য খুবই কঠিন।
তিনি জানান, নিহত দুজনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।
পরিবার সূত্রে জানা গেছে, দুই মাস আগে দেশে এসে বিয়ে করেন আশরাফ। বিয়ের পর এক মাস আগে স্ত্রীকেও সৌদি আরবে নিয়ে যান তিনি। তিন ভাই ও দুই বোনের মধ্যে আশরাফ ছিলেন সবার ছোট। তাঁর বড় ভাইও সৌদি আরবে কর্মরত।
পরিবারের ছোট ছেলেকে হারিয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন আশরাফের বাবা মফিজ উদ্দিন। কয়েক বছর আগে আশরাফের মাও মারা গেছেন।